নিজেকে লুকাবেন লেডি গাগা!
অদ্ভুত সব কীর্তি-কলাপের জন্য বরাবরই সংবাদের শিরোনাম হন মার্কিন পপগায়িকা লেডি গাগা। সম্প্রতি মিডিয়ার সামনে কিংবা জনসমক্ষে দীর্ঘদিন না আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ২৫ বছর বয়সী বহুল আলোচিত এই পপতারকা।সম্প্রতি অপরাহ উইনফ্রের ‘অপরাহ’স নেক্সট চ্যাপটার: লেডি গাগা’ অনুষ্ঠানে একান্ত সাক্ষাত্কারে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন লেডি গাগা। অনুষ্ঠানে গাগা বলেন, ‘অপরাহ, আপনার সঙ্গে এই সাক্ষাত্কারের পর দীর্ঘদিন আমি কারও সঙ্গে কোনো কথা বলব না। টেলিভিশন, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় আমার কোনো খবর আর কেউ দেখতে পারবে না।’ জানিয়েছে ইউএস ম্যাগাজিন।গাগা আরও বলেছেন, ‘ইদানিং আমাকে নিয়ে যতসব আজে-বাজে খবর প্রকাশিত হচ্ছে। এর কোনোটাতেই আমি পড়ি না। আমার মা-ই আমাকে ফোন করে বলেন, তুমি এই খবরটা শুনেছ? কিন্তু এমনটা আমি আর হতে দেব না। সংগীত নিয়ে আমি কী কাজ করছি বা করব, তার কোনো কিছুই আর কাউকে জানতে দেব না—নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলব।’গাগার এমন সিদ্ধান্ত গ্রহণের কিছুটা প্রমাণ মিলেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিজের আসনে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছিল সদা প্রাণোচ্ছল গাগাকে। এমনকি গ্র্যামি আসরের লাল গালিচাতেও পা রাখেননি তিনি। অথচ বিগত বছরগুলোতে এই অনুষ্ঠানে এসে বরাবরই খবরের শিরোনাম হয়েছেন তিনি।