নিজেকে ‘একা’ দাবি করলেন রিয়ান্না (ভিডিও)
গত বছরের ডিসেম্বরে অ্যাস্টন কুচারের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছেন রিয়ান্না—সম্প্রতি প্রকাশিত এ ধরনের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ‘উই ফাউন্ড লাভ’খ্যাত ২৪ বছর বয়সী এই গায়িকা। যদিও কুচার প্রসঙ্গে তিনি সরাসরি কিছু বলেননি। শুধু নিজেকে ‘একা’ উল্লেখ করে জানিয়েছেন যে, বর্তমান জীবন নিয়ে তিনি অনেক খুশি।রিয়ান্না অভিনীত ‘ব্যাটল শিপ’ ছবির প্রচারণার উদ্দেশ্যে ২৮ মার্চ বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন রিয়ান্না। অ্যাস্টন কুচারের সঙ্গে প্রেম করছেন কি না—এমন এক প্রশ্নের জবাবে কুচারের প্রসঙ্গে সরাসরি কিছু উল্লেখ না করে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমি একাই আছি এবং এ জীবনকে অনেক বেশি উপভোগ করছি। আমার বর্তমান জীবন নিয়ে আমি অনেক খুশি।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ। সায়েন্স ফিকশন ছবি ব্যাটল শিপে রিয়ান্নাকে একজন অস্ত্র বিশেষজ্ঞের চরিত্রে দেখা যাবে। পিটার বার্জ পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন টেইলর কিচ, আলেকজান্ডার স্কারসগার্ড, ব্রুকলিন ডেকার, লিয়াম নিসন প্রমুখ। ব্যাটল শিপ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৮ মে।