নিজেদের আইনে বিএনপি নেতারা গ্রেপ্তার হলেন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির নেতারা যে দ্রুত বিচার আইন করেছিলেন, আজ তাঁরা সেই আইনেই গ্রেপ্তার হয়েছেন।আজ শুক্রবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তাঁরা যে আইনে আটক, সে আইন পাস করার সময় আমরাই বিরোধিতা করেছিলাম। একই সঙ্গে এ কথাও বলেছিলাম, এ আইনে হয়তো আপনারাও একদিন পড়তে পারেন। এখন তাঁদের করা আইনে যখন তাঁরা গ্রেপ্তার হয়েছেন, তখন তাঁরা সরকারকে দোষারোপ করছেন।’ দপ্তরবিহীন মন্ত্রী বলেন, দ্রুত বিচার আইন বিএনপি ক্ষমতায় গিয়ে করেছিল। আজ খালেদা জিয়া বুঝতে পারছেন, মওদুদ সাহেবরা তাঁদের কী বুদ্ধি দিয়েছেন। তাঁদের পাতা ফাঁদে এখন তাঁরাই পড়েছেন।’ বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এখন জামিনের কথা বারবার বলছেন, কিন্তু আইন করার সময় অভিযোগপত্র দেওয়ার পর জামিনের বিধান তো আপনারই রাখেননি। এটা সবার চেয়ে মওদুদ সাহেবই ভালো জানেন।’ ইলিয়াস আলী নিখোঁজ হওয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা যদি ইলিয়াস আলীর ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করতাম, তাহলে ওই ঘটনার একটা সমাধান আসতে পারত। বাংলাদেশে রাজনীতি যতই সংঘাতময় হোক আর যাই হোক, সিলেটের রাজনীতিতে আমরা একে অপরের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখি।’ সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনার সঙ্গে কোনো অপশক্তি জড়িত রয়েছে বলে সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেন। একটি অপশক্তি সরকারের সব উন্নয়নকে ম্লান করে দিতে চায় বলেও তিনি উল্লেখ করেন।‘সংলাপ যদি করতেই হয় তাহলে খোলা মনে করতে হবে’ উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘বিএনপি প্রস্তাব নিয়ে এলে আলোচনা হতে পারে। সংলাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সংবিধানকে পাশ কাটিয়ে সংলাপ হবে না।’হরতাল প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। প্রতিটি গণতান্ত্রিক দেশে হরতাল হয়। কিন্তু হরতালকে সামনে রেখে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা, গাড়ি পোড়ানো তো কারও গণতান্ত্রিক অধিকার হতে পারে না। হরতালের নামে মানুষ হত্যা করা হবে আর বলা হবে তা গণতান্ত্রিক অধিকার। এটা হতে পারে না। সংগঠনের সভাপতি সত্যেন্দ্র চন্দ্র ভক্তের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের সহসভাপতি তাপস কুমার পাল প্রমুখ বক্তব্য দেন। বাসস।