দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলকে সংলাপে বসাতে চায় আরব বিশ্বের দেশগুলো। এর অংশ হিসেবে বিরোধী দলের পর এখন সরকারি দলের সঙ্গে দেখা করবেন ঢাকায় কর্মরত ১০ আরব দেশের কূটনীতিকেরা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আরব দেশগুলো নিজেদের উদ্যোগে এ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তার কাছে এমন মনোভাবই জানিয়েছেন মধ্যপ্রাচ্যের একটি দেশের শীর্ষ এক কূটনীতিক।গতকালের ওই আলোচনায় মধ্যপ্রাচ্যের ওই কূটনীতিক এমনটাও জানিয়েছেন যে বাংলাদেশের চলমান সহিংসতা ও সংঘাতময় রাজনৈতিক সংকট উত্তরণে ওআইসি এবং মুসলিম বিশ্বের দেশ হিসেবে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্দেশ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাঁরা সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানে আগ্রহী।গত বুধবার রাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদের নেতৃত্বে ১০টি মুসলিম দেশের কূটনীতিকেরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের গুলশানের কার্যালয়ে দেখা করেন। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মরক্কো, ওমান, মিসর ও লিবিয়ার কূটনীতিকেরা। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, মুসলিম দেশগুলোর অনুরোধেই এ বৈঠকের আয়োজন করা হয়। বন্ধু হিসেবে তাঁরা বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি চান। তাঁরা চান, বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক। তাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে তাঁরা সংলাপে বসার তাগিদ দিয়েছেন। এ উদ্দেশ্যে তাঁরা বিরোধী দলের পাশাপাশি সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে চান।বুধবারের বৈঠকে বিএনপির চেয়ারপারসন আরব দেশের কূটনীতিকদের স্পষ্টভাবেই জানিয়েছেন, বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কিন্তু দলীয় সরকারের অধীনে তা সম্ভব নয়। তাই তাঁর দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। গতকাল প্রথম আলোর কাছে এ তথ্যই জানিয়েছে কূটনৈতিক একটি সূত্র। ওই সূত্রমতে, খালেদা জিয়া গত বুধবার কূটনীতিকদের জানান, বর্তমান সরকারের অধীনে ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় নির্বাচন হবে, তা নিয়ে তিনি সংলাপে বসতে রাজি আছেন। তবে সরকার এখন পর্যন্ত সংলাপের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় লোকদের দিয়ে কীভাবে হতাহতের ঘটনা ঘটিয়েছে, তার ভিডিওচিত্র ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে খালেদা জিয়া কূটনীতিকদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করেন।কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার প্রচলিত রীতির বাইরে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের দেশগুলো। এর আগে রাজনৈতিক পরিস্থিতিতে এভাবে নিজেদের জড়ায়নি এসব দেশ।