নিজেদের টাকায় সরকারি সড়ক মেরামত
গত মার্চ মাসে শুরু হয়েছিল সড়ক সংস্কারের কাজ। ওই সময় রাঙামাটি পৌরসভার ভেদভেদী-রাঙাপানি-আসাম বস্তি সড়কটির প্রায় আধা কিলোমিটার অংশের সিলকোট তুলে গর্ত করে বালু ও কঙ্কর দেওয়া হয়। এরপর কাজ বন্ধ হয়ে যায়। সে অবস্থাতেই এত দিন পড়ে ছিল সড়কটি। বিড়ম্বনা পোহাতে পোহাতে অবশেষে রাঙামাটির শহরতলি ভেদভেদী ও রাঙাপানি গ্রামের লোকজন নিজেদের টাকায় সরকারি সড়ক মেরামতের কাজ শুরু করেন। ওই সড়কে যান চলাচলও শুরু হয়েছে। আমাদের রাঙামাটি প্রতিবেদক জানান, আজ রোববার ভেদভেদী গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন মাটি আর কঙ্কর দিয়ে সড়কের ভেঙে যাওয়া অংশ ভরাট করছেন। তাঁরা জানান, ভেদভেদী ও রাঙাপানি গ্রামের লোকজনকে এ বছর কমপক্ষে চারবার সড়কটি মেরামত করতে হয়েছে। সড়কের পাশে ঠিকাদারের কঙ্কর থাকলেও তাঁরা সেগুলো ব্যবহার করছেন না। নিজেরা টাকা তুলে ইট কিনে সড়ক মেরামত করছেন। স্থানীয় বাসিন্দা পাখি চাকমা (৫০) ও রনেল চাকমা (৩২) বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন সাত থেকে ১০ হাজার মানুষ আসা-যাওয়া করে। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাস, অটোরিকশা, মাইক্রোবাস, ট্রাকসহ নানা যানবাহন চলাচল করে। ভারী বৃষ্টিপাত হলে বালু ও কঙ্কর সরে গিয়ে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাঁরা আরও জানান, গত বৃহস্পতি ও শুক্রবারের ভারী বৃষ্টিতে সড়কের ২০ থেকে ৩০ ফুট অংশে বালু ও কঙ্কর সরে গেছে। তা এখন মেরামত করতে হচ্ছে। এতে ৭০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে। এই টাকা দুই গ্রামের মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ বলেছে, বৃষ্টির মৌসুম শেষ হলে সড়কটি মেরামত করা হবে। রাঙামাটি এলজিইডি সূত্র জানায়, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের পর ২০১০ সালের ২৮ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। অনন্ত বিকাশ ত্রিপুরার নামে যুবলীগের নেতা মুজিবুর রহমান কাজটি নেন। কার্যাদেশ পেয়ে ঠিকাদার কিছু জায়গায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দীর্ঘদিন কাজটি ফেলে রাখে। পরে আরও কয়েকবার তাগাদা দেওয়া হলে এ বছরের মার্চ-এপ্রিল মাসে কাজ শুরু করা হয়। কিন্তু আধা কিলোমিটারের মতো রাস্তার মাটি তুলে বক্স কেটে বালু ও কঙ্কর ফেলার পর আবারও কাজ বন্ধ হয়ে যায়। ছয় মাস ধরে সড়কটি ওই অবস্থাতেই রয়েছে।রাঙামাটি পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর ধীরেন্দ্র লাল চাকমা বলেন, এই সড়ক নিয়ে স্থানীয় লোকজনের দুর্ভোগের শেষ নেই। এলজিইডি কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও কিছু হচ্ছে না।এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী ছোহরাব আলী সড়কের মাটি সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক রক্ষণাবেক্ষণে নিয়োজিত নারীরাও সড়কটি মেরামতে কাজ করছেন। ওই সড়ক দিয়ে প্রতিদিন ৫০-৬০টি কাঠবাহী ভারী ট্রাক চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির মৌসুম শেষ হলেই সড়ক মেরামতের কাজ শুরু হবে বলে তিনি জানান।