নিজেদের দায় অস্বীকার করে ভারতের ওপর দায় চাপাল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করে এ ঘটনার জন্য পরোক্ষভাবে ভারতকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘১২ ডিসেম্বর ঢাকা শহর ভারতীয় সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এরপর বুদ্ধিজীবী ভাইদের কারা শহীদ করল, স্বাধীনতার ৪০ বছরেও জাতি তা জানতে পারল না।’ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে আজহারুল দাবি করেন, ‘বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের সময় ভারতের মাটিতে যাওয়ার চেয়ে বাংলাদেশে থাকাটাই নিরাপদ মনে করেছিলেন। তাঁরা ভারতের তাঁবেদারি করতে চাইতেন না। এ জন্য বৃহত্ শক্তি তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যার বিচারের নামে এখন একটি বিশেষ শক্তিকে (জামায়াতে ইসলামী) অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে জামায়াতের ভূমিকার কথা অস্বীকার করে সরকারকে উদ্দেশ করে এ টি এম আজহার বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পর সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে তখন একটা মামলাও করা হলো না কেন? কেন ২৫ বছর পর এসে ১৯৯৭ সালে মামলা করতে হলো? তখন মামলা করা হল না কেন?...স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে গিয়ে জহির রায়হান হারিয়ে যান। তখন দেশ কার নিয়ন্ত্রণে ছিল? জহির রায়হানের খোঁজ পাওয়া গেল না কেন? জহির রায়হানকে হত্যার পেছনে যারা দায়ী, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার পেছনে তারাই দায়ী। সরকার তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক। মুখস্ত কথা বলে একটি দলকে (জামায়াত) দায়ী করে যাবেন, তাতে আপনারা পার পাবেন না।’সরকারের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘আপনারা দায়ীদের বিচার করেননি। যাদের বিচারের সম্মুখীন করতে হতো, তারা হয়ত আপনাদের চেয়ে শক্তিশালী ছিল বা তারা আপনাদের চেয়ে শক্তিশালী দেশ ছিল।’ প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য প্রধানত দায়ী করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন আল বদর বাহিনীকে। জামায়াতে ইসলামীর তত্কালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা-কর্মীরা ছিলেন এই বাহিনীর সদস্য। তত্কালীন পূর্ব পাকিস্তান সরকারের প্রতিবেদন অনুযায়ী জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এই বাহিনী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ টি এম আজহারসহ জামায়াতের শীর্ষস্থানীয় বর্তমান নেতাদের অনেকেই আল বদর বাহিনীর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করেন।