নিজেদের দেশেই সফরে গেলেন ফিলিস্তিনিরা! (ভিডিও)
মাতৃভূমি পশ্চিম তীরে ঐতিহাসিক সফরে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের কিছু শরণার্থী। সিরিয়া, লেবানন ও জর্দানে থাকা এই ফিলিস্তিনি শরণার্থীরা এক ঐতিহাসিক সফরে পশ্চিম তীর যান। তাঁদের অনেকেই এবারই প্রথম মাতৃভূমির মাটিতে পা রাখতে পেরে আরও আবেগপ্রবণ হয়ে যান। বহুদিন পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে পেয়ে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। পুরো এলাকা যেন মিলনমেলায় পরিণত হয়।এ সময় জেরিকোর বাসিন্দারা সফরকারীদের উষ্ণ অভ্যর্থনা দেন। সিরিয়া থেকে আগত এক ফিলিস্তিনি শরণার্থী রাওয়ান-আল-বেশ বলেন, ‘প্রথমবারের মতো নিজের দেশে আসতে পেরে আমি খুব খুশি। এখানে আসার আগে আমি একধরনের মোহে আচ্ছন্ন ছিলাম কিন্তু দেশের অবস্থা সম্পূর্ণ বিপরীত দেখে আমি বিস্মিত হয়েছি।’এই সফরে শরণার্থীরা বেথেলহেমও দেখতে যান। তাঁদের কাছে বেথেলহেম শুধুই একটি পর্যটন স্থান নয়। মূলত বেথেলহেমই হচ্ছে ফিলিস্তিনিদের শিকড়।এরপর তাঁরা যান প্রাচীন শহর হেবরনে। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহরটি খ্রিষ্টান, ইহুদি ও মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।হেবরনে দেড় লাখের মতো ফিলিস্তিনিদের সঙ্গে ৪০০ ইহুদি পরিবারও বাস করছে। এতে করে হেবরনের পরিস্থিতি অনেকটা থমথমে হয়ে আছে।ফার্স্ট রিটার্ন ইয়ুথ ফোরামের সংগঠকেরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফিলিস্তিনি যুবকদের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ১৯৪৭ থেকে ১৯৪৮—এই সময়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় বহু ফিলিস্তিনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান।বর্তমানে প্রায় ৪০ লাখের মতো ফিলিস্তিনি শরণার্থী ও তাঁদের বংশধরেরা পশ্চিম তীর, গাজা ও বিদেশে বাস করছেন। তাঁদের মধ্যে প্রায় সবাই এখনো তাঁদের প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার স্বপ্ন দেখছেন। যদিও ওই এলাকা ইসরায়েলের দখলে রয়েছে। রয়টার্স।