নিজেদের প্রশ্নের জালে জড়ালেন জওয়ানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষীদের জেরা করতে গিয়ে নিজের প্রশ্নের জালে নিজেই জড়িয়ে পড়লেন ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী জওয়ানরা। জেরা করার সময় বিচারক কয়েকজন আসামিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, জেরা করার আগে ভালো করে প্রস্তুতি নিন। বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করুন। না হলে নিজের প্রশ্নের জালে নিজেই জড়িয়ে পড়বেন।২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় গতকাল মঙ্গলবার আবার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। গতকাল দুই সাক্ষী আদালতের কাছে সাক্ষ্য দেন। এরপর আসামিরা একজনকে জেরা করেন। আরেক সাক্ষীকে জেরা করবেন আজ বুধবার। এর আগে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার বাদীসহ দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। গতকাল শুরু হয়েছে অন্যদের সাক্ষ্য নেওয়া। ২৪ রাইফেলের মামলায় গত ২৬ জুন ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় এই ব্যাটালিয়নের সদস্যরা সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ গতকাল আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। মাঝে দুই দফা বিরতি দিয়ে চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন।গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সাক্ষ্য দেন ২৪ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মোতালেব মিয়া। তিনি আদালতে ৩১ আসামির নাম ধরে তাঁদের বিদ্রোহের তৎপরতার পক্ষে সাক্ষ্যপ্রমাণ তুলে ধরেন। এ সময় তিনি পিলখানায় বিদ্রোহের সময় ধারণ করা ভিডিওচিত্র, স্যাটেলাইট থেকে তোলা ছবি ও মুঠোফোনে কথা বলার তালিকা দেখান। আদালতে উপস্থাপন করা সব সাক্ষ্যপ্রমাণ পর্দায় দেখানো হয়। মোতালেব আদালতে বলেন, ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিক বিদ্রোহের পূর্বপরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দরবার চলাকালে অস্ত্র নিয়ে প্রবেশ করা সেপাই মাইনউদ্দিন ও কাজলকে রক্ষার জন্য মঞ্চে উঠেছিলেন। তাঁর সহযোগীরাই অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিদ্রোহের সূত্রপাত করেন। গোফরান মল্লিকের সহায়তায় অন্য সৈনিকেরা ২৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমানকে তাঁর অফিস থেকে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যান। পরে তিনি নিহত হন।মোতালেব বলেন, বিদ্রোহের সূত্রপাতের পর মেজর (ডাক্তার) মামুন বিদ্রোহীদের গুলিবর্ষণে আহত হওয়ার পর নূর মোহাম্মদ রাইফেলস স্কুলে আশ্রয় নেন। সেখান থেকেই ল্যান্স নায়েক মোজাম্মেল হকসহ কয়েকজন তাঁকে ধরে সেক্টর অফিসের দিকে নিয়ে যান। পরে তিনিও নিহত হন।সাক্ষ্য দেওয়া শেষে ৩১ আসামির সবাই একে একে মোতালেব মিয়াকে জেরা করতে শুরু করেন। তবে জেরা করার আগে আদালতের সভাপতি আসামিদের বলেন, একই প্রশ্ন বারবার করবেন না। এতে আদালতের সময় নষ্ট হবে। কিন্তু প্রায় সব আসামিই ঘুরেফিরে প্রায় একই প্রশ্ন করেন। তাঁরা মূল প্রসঙ্গ বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে সাক্ষীকে প্রশ্ন করেন। তবে আদালত এসব প্রশ্ন গ্রহণ করেননি বলে জানিয়ে দেন।বিডিআর বিদ্রোহের পরিকল্পনাকারীদের অন্যতম গোফরান মল্লিককে আদালতে হাজির করানো হয় ডান্ডাবেড়ি পরানো অবস্থায়। তিনি ছিলেন কারাগারের পোশাকে। গতকাল তিনিই প্রথম জেরা করেন সাক্ষী মোতালেব মিয়াকে।গোফরান মল্লিক সাক্ষীকে প্রশ্ন করেন, আপনি দরবার হল থেকে কয়টায় বের হয়েছিলেন?সাক্ষী: আমার হাতে ঘড়ি ছিল না। তবে ডিজির আদেশের পর আমি দরবার হল ত্যাগ করি।প্রশ্ন: আপনি আমার থেকে কতটুকু দূরত্বে ছিলেন।উত্তর: আমি ১৪ নম্বর পিলারের পাশে ছিলাম।প্রশ্ন: আমাকে দেখার কত মিনিট পর মঞ্চে উঠতে দেখেছেন?উত্তর: সেপাই মাইন মঞ্চে ওঠার পর আপনাকে দেখতে পাই।প্রশ্ন: মঞ্চে আমার মুখ কোন দিকে ছিল?উত্তর: আপনি চারদিকে তাকাচ্ছিলেন।এরপর গোফরান মল্লিক আদালতকে উদ্দেশ করে বলেন, আমি কী করে মাইন ও কাজলকে বাঁচাতে গেলাম বুঝলাম না। তাঁর কথা শুনে আদালত বলেন, এখন শুধু প্রশ্ন করুন। পরে যুক্তিতর্ক করার সুযোগ পাবেন।প্রশ্ন: আমি দরবার হল থেকে কোন গেট দিয়ে বের হয়েছিলাম।উত্তর: দক্ষিণ পাশের গেট দিয়ে।প্রশ্ন: আমার সঙ্গে কারা ছিলেন?উত্তর: অনেক লোক ছিল। প্রশ্ন: আপনি কখন বের হলেন?উত্তর: মহাপরিচালকের আদেশের পর।প্রশ্ন: আমাকে যখন লাইনে দেখেন, তখন কটা বাজে?উত্তর: সকাল ১০টা হবে।প্রশ্ন: আমার মোবাইল কললিস্ট দিয়ে কী বোঝালেন?উত্তর: আপনার অবস্থান।প্রশ্ন: ৪ নম্বর গেটে কি আমার হাতে অস্ত্র ছিল?উত্তর: আপনি সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন।প্রশ্ন: ভিডিওতে কি আমাকে অস্ত্র হাতে দেখা গেছে?উত্তর: আপনি নেতৃত্বে ছিলেন।জেরা শেষে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে গোফরান মল্লিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।এরপর সাক্ষী মোতাবেল মিয়াকে জেরা করেন সুবেদার আশরাফ আলী। তিনি প্রশ্ন করেন, আপনি দরবার হলের কোন স্থানে ছিলেন?উত্তর: ১৪ নম্বর পিলারের পাশে।প্রশ্ন: আমি কোথায় বসে ছিলাম?উত্তর: আপনি বের হয়ে যাওয়ার সময় দেখেছি।প্রশ্ন: আমি কোন দরজা দিয়ে বের হয়ে যাই?উত্তর: পশ্চিম-উত্তর দিকের দরজা।প্রশ্ন: আপনি কখন দরবার ত্যাগ করেন?উত্তর: সকাল সাড়ে নয়টার দিকে।প্রশ্ন: আপনি কি দরবার ত্যাগ করেছিলেন?উত্তর: না, আমি ডিজির আদেশে দরবার ত্যাগ করি।তৃতীয় দফায় হাবিলদার ইপির আলী জেরা করেন সাক্ষী মোতালেব মিয়াকে।প্রশ্ন: আমি দরবারের কোন স্থানে বসে ছিলাম?উত্তর: আমি বসা দেখিনি। দরবার ত্যাগের সময় আপনাকে দেখেছি। প্রশ্ন: দরবার হলে আমার সঙ্গে কতজন ছিল?উত্তর: ২৪ রাইফেলের কয়েকজন ছিল।প্রশ্ন: মহাপরিচালককে আক্রমণ করার সময় আপনি হামলাকারীকে প্রতিহত করেছিলেন? এ পর্যায়ে বিচারক আসামিকে বলেন, এটা আপনার প্রশ্ন নয়।প্রশ্ন: আমি যে হার্টের রোগী, সেটা কি জানেন? উত্তর: না, জানি না।প্রশ্ন: ২৫ ও ২৬ তারিখে আপনি আমাকে কোথায় দেখেছেন?উত্তর: সৈনিক লাইনের পাশে।প্রশ্ন: তখন কটা বাজে।উত্তর: সকাল ১০টা হবে।প্রশ্ন: কত দূর থেকে আমাকে দেখেন?উত্তর: খুব কাছ থেকে সেপাই আরশেদ আলী জেরা করেন সাক্ষীকে। তিনি জানতে চান, এত লোকের মাঝে আপনি আমাকে কীভাবে দেখলেন? বিচারক বলেন, এটা কোনো প্রশ্ন হতে পারে না। নায়েক রেজাউল করিম সাক্ষীকে বলেন, ২৪ রাইফেলের সৈনিকেরা দরবার ছাড়া কি আর কোথাও কোনো কাজে ছিলেন? সাক্ষী বলেন, তিনি এটা জানেন না। নায়েক শাহেদ আলী মীর প্রশ্ন করেন, ডিজির বুকে অস্ত্র ধরার পর আপনি কি স্বাভাবিক ছিলেন? বিচারক এ প্রশ্ন শুনে বলেন, এটা কোনো প্রশ্ন হলো না। আপনি দরকারি প্রশ্ন করুন। এরপর মীর নিজেকে অস্ত্রাগারের সৈনিক পরিচয় দিয়ে বলেন, অস্ত্রাগারের সৈনিক অস্ত্র নিয়ন্ত্রণ করেন, নাকি সৈনিকদের নিয়ন্ত্রণ করেন? সাক্ষী বলেন, অধীনস্থদের নিয়ন্ত্রণ করাও আপনার দায়িত্ব ছিল। নায়েক ইসমাইল বলেন, দরবার ছাড়া আমাকে কি আর কোথায় দেখেছেন? সাক্ষী জবাবে বলেন, না, দেখেনি।নায়েক আবদুল লতিফ বলেন, অস্ত্রধারী ভেতরে ঢোকার কত পরে দরবার খালি হয়ে যায়? সাক্ষী বলেন, এটা অবান্তর প্রশ্ন। আসামি বলেন, আপনি সিআইডি ও এমআইতে সাক্ষী দেওয়ার সময় কি আমার নাম লিখেছিলেন? উত্তরে সাক্ষী বলেন, সেটা আমার মনে নেই। আসামি শফিকুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার সময় আপনি নিজে আত্মরক্ষার জন্য দৌড়াদৌড়ি করছিলেন, তখন আমাকে দেখলেন কীভাবে? উত্তরে সাক্ষী কিছু বলেননি। বিচারক বলেন, এটা প্রশ্ন হতে পারে না।ল্যান্স নায়েক মুক্তার হোসেন প্রশ্ন করেন, আপনি ইউনিটে গিয়ে সৈনিকদের নিরস্ত্র করেন, তখন কটা বাজে? সাক্ষী বলেন, সকাল ১০টা।ল্যান্স নায়েক সাইদুল ইসলাম প্রশ্ন করেন, আপনি কী করে জানলেন, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে আমি দরবার ত্যাগ করি। সাক্ষী বলেন, এটা আমার মনে হয়েছে।ল্যান্স নায়েক আলাউদ্দিন বলেন, আপনি সৈনিক লাইনের পাঁচতলা থেকে নিচে আমাকে কী করে দেখলেন? সাক্ষী বলেন, আমি নিচে ছিলাম। পরে তিনি প্রশ্ন করেন, গোলাগুলির মধ্যে কী করে পাঁচতলার খোলা বারান্দায় দাঁড়ালেন? সাক্ষী বলেন, তখন গুলি কম ছিল। আমাকে দেখেছেন, এর কোনো প্রমাণ আছে? সাক্ষী বলেন, আমি নিজের চোখে দেখেছি। এভাবে একের পর এক ৩১ আসামি মামলার সাক্ষী মোতালেবকে জেরা করেন।এরপর সাক্ষ্য দেন ২৪ রাইফেল ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. আসিফ আবদুর রউফ। তিনি আদালতে বলেন, ঘটনার দিন সেপাই ফয়সাল বালা বাসার কাঠের দরজা ভেঙে ব্রাশফায়ার করে তাঁকে হত্যার চেষ্টা করেন। পরে তাঁর পরিবার ও হুইলচেয়ারে চলাফেরা করা ৮৫ বছরের বৃদ্ধা মাকে অত্যন্ত অপমানজনকভাবে ধরে নিয়ে গিয়ে কোয়ার্টার গার্ডে আটকে রাখা হয়। এ সময় সুবেদার মেজর গোফরান মল্লিক ও তাঁর সহযোগীরা অস্ত্র-গোলাবারুদ নিয়ে কোয়ার্টার গার্ডে এসে কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। তিনি বলেন, ৩০ ঘণ্টা বন্দী থাকার পর আমি মুক্ত হই। বন্দী থাকা অবস্থায় সেপাই কামরুল আমাকে কয়েকবার কোয়ার্টার গার্ড থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু চাবি না পাওয়ার কারণে তা ব্যর্থ হয়।লে. কর্নেল মো. আসিফ আবদুর রউফের সাক্ষ্য শেষে আজ তাঁকে জেরা করার দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।