নিজেদের রক্ষায় পদক্ষেপ নিয়েছেন উইকিলিকস কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ ও তাঁর সহকর্মীরা যেকোনো হুমকি থেকে নিজেদের বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিয়েছেন।গতকাল শুক্রবার অজ্ঞাত স্থান থেকে অনলাইনে দেওয়া এক সাক্ষাত্কারে উইকিলিকস-প্রধান জুলিয়ান অ্যাসেঞ্জ এ কথা বলেন। তাঁর দেওয়া সাক্ষাত্কারটি ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর গোপন দলিল প্রকাশ করে উইকিলিকস বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে। সর্বশেষ তারা বিপুল পরিমাণ গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে। এ নিয়ে উইকিলিকস যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ে। এরপর থেকেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অ্যাসেঞ্জ দাবি করছেন। এ পরিপ্রেক্ষিতেই তিনি নিজেদের জীবনের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিলেন। অ্যাসেঞ্জ অনলাইনে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, তাঁর জীবনের বিরুদ্ধে যদি কেউ হুমকি দেয়, তবে তা হত্যার প্ররোচনা হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, ‘আমাদের জীবনের হুমকির বিষয়টি সবারই জানা। পরাশক্তির সঙ্গে পেরে উঠতে এ বিষয়ে আমরা যথাযথ পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’ অ্যাসেঞ্জের এক আইনজীবী বলেন, যৌন নিপীড়নের অভিযোগে তাঁর মক্কেলকে সুইডেনের কাছে হস্তান্তরের সব প্রচেষ্টার বিরুদ্ধে তিনি লড়বেন। তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে বিদেশি শক্তিগুলো সুইডেনকে এ ব্যাপারে প্রভাবিত করেছে। এদিকে সুইডেনের কর্তৃপক্ষ বলছে, তারা এরই মধ্যে ব্রিটেনের কাছে অ্যাসেঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার ডেইলি ইনডিপেন্ডেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসেঞ্জ সম্ভবত দক্ষিণ ইংল্যান্ডের কোনো এক জায়গায় অবস্থান করছেন। ব্রিটেনের পুলিশ তাঁর অবস্থান সম্পর্কে অবগত আছেন। রয়টার্স।