নিজের কার্যালয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান খুন
রাজধানীর ধানমন্ডিতে নিজের কার্যালয় থেকে আজ রোববার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন কুমার দত্ত ‘এ সফট’ নামের ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আজ দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের তালা ভেঙে মেঝেতে পড়ে থাকা অবস্থায় সুমন কুমারের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় পিয়ন আবদুল করিম কিছু জিনিসপত্র নিয়ে অফিস তালা মেরে বের হয়ে যান। এ সময় ভবনের নিচের নিরাপত্তারক্ষীকে আবদুল করিম জানান, তিনি চট্টগ্রামে যাচ্ছেন। এর পর থেকেই অফিস বন্ধ ছিল। কিন্তু সুমনকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা অফিসে এসে তালা মারা দেখে ঘুরে যান। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে আজ সেই কার্যালয় থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।পুলিশের ধারণা, পিয়ন আবদুল করিম তাঁকে মারধর করে তালা মেরে পালিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুমনের মৃত্যু হয়। কয়েক দিন আগে করিমের সঙ্গে ঝগড়া হয় সুমনের।