নিজের ক্ষমতা প্রয়োগ না করে আদালতে দুদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এক মাস আগে। দুর্নীতি দমন আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তাকে আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে। কিন্তু তদন্ত কর্মকর্তা সে ক্ষমতা ব্যবহার করছেন না। সংশ্লিষ্ট থানার সাহায্যও নিচ্ছেন না তিনি। এখন তিনি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ বিচারকের আদালতে তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। আবেদনের সঙ্গে মামলার অগ্রগতিসংক্রান্ত কোনো তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি বলে জানা গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ছয়টি শ্রেণীতে এক হাজার ৬৯ জন লোক নিয়োগে অনিয়মের অভিযোগে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হাফিজুর রহমান চৌধুরী ও জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দুদক মামলা করে। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা গত ১৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় ছয়টি মামলা করেন। এক মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন বা আসামিদের গ্রেপ্তার করা হয়নি। ২০০৪ সালের দুদক আইনের ২০(৩) ধারায় বলা আছে, দুদকের তদন্ত কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কিন্তু এ মামলার তদন্ত কর্মকর্তা এ ক্ষমতা প্রয়োগ করছেন না। দুদক পুলিশ বা র‌্যাবের কাছেও গ্রেপ্তারের জন্য সাহায্য চায়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রেলে অনিয়মের ছয়টি মামলার তদন্ত দুদক করছে। আসামি গ্রেপ্তারের জন্য তাঁরা আমাদের সাহায্য এখনো চায়নি। চাইলে আমরা ব্যবস্থা নেব।’ দুদকের আইনে দেওয়া ক্ষমতা প্রয়োগ না করে আসামি গ্রেপ্তারের জন্য আদালতে যাওয়ার কারণ জানতে চাইলে দুদকের তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা ‘আমি এখন ব্যস্ত’ বলে ফোন কেটে দেন। দ্বিতীয়বার যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততার কথা জানান। তৃতীয়বার যোগাযোগ করলে তিনি আর সাড়া দেননি। চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তার বলেন, আরও ছোটখাটো মামলায় দুদক আসামি ধরতে কোনো দেরি করে না। অথচ রেলের ঘুষ-বাণিজ্য সারা দেশে আলোচিত ঘটনা। মামলা হওয়ার পরই তদন্ত কর্মকর্তার উচিত ছিল আসামিদের গ্রেপ্তার করা। দুদকের আইনে সেই ক্ষমতা তদন্ত কর্মকর্তাকে দেওয়া আছে। আরেকজন আইনজীবী নাম প্রকাশ না করে বলেন, হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুদক মামলা করে র‌্যাবের সাহায্য নিয়ে আসামি ধরেছে। রেলে ঘুষ-বাণিজ্যের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে দুদক সময় ক্ষেপণ করছে। দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সাল পাশা অবশ্য বলেন, ‘রেলের অনিয়ম-সংক্রান্ত মামলার তদন্ত করেছেন ঢাকার কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সহযোগিতা চেয়েছেন। আদালত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিলে আসামি ধরতে কোনো অসুবিধা নেই।’