‘যারা উখিয়ায় বৌদ্ধমন্দিরে হামলা চালিয়েছে, তাদের প্রধানমন্ত্রী বিদেশ সফরের সঙ্গী করেছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যাদের নিয়ে বিদেশ সফর করেছেন, তাদের ধরুন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করুন। অন্যথায় সময়-সুযোগ এলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।’ গতকাল রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়া এ অভিযোগ ও আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশ-বিদেশ ভ্রমণে প্রধানমন্ত্রীর সঙ্গী-সাথি কারা? খুনি আর চোরেরা প্রধানমন্ত্রীর সঙ্গী-সাথী। কালোবাজারি ও চোরদের নিয়ে তিনি দেশ-বিদেশ ভ্রমণ করেন। এই সরকারের হাতে, এই প্রধানমন্ত্রীর হাতে শুধু জনগণের রক্ত রক্ত আর রক্ত। যেই প্রধানমন্ত্রীর হাতে জনগণের রক্ত, সেই প্রধানমন্ত্রীকে জনগণ আর ক্ষমতায় রাখতে পারে না।’ আওয়ামী লীগকে ‘একঘরে’ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, দুর্নীতি ও লুটপাট করে সরকার দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। তাদের হাতে কোনো ধর্মের লোকজন নিরাপদে নেই। বৌদ্ধদের শত বছরের মন্দিরে তারা আগুন দিয়ে লুটপাট করেছে। তাই আওয়ামী লীগকে একঘরে করে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে।গত সেপ্টেম্বরে বিভিন্ন বৌদ্ধবিহারে ও বসতিতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল উখিয়া উচ্চবিদ্যালয়ে মাঠে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দেওয়ার আগে খালেদা জিয়া উখিয়ার মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধবিহার ও রাজাপালং জাদী বৌদ্ধবিহার পরিদর্শন করেন। খালেদা জিয়া এর আগের দিন শনিবার রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার পরিদর্শন ও সেখানে সম্প্রীতি সমাবেশে বক্তৃতা করেন। তিনি কক্সবাজার সার্কিট হাউসে রাতযাপন করেন। গতকাল দুপুর ১২টার দিকে খালেদা জিয়া উখিয়ার উদ্দেশে যাত্রা করেন। পথে রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থক তাঁকে শুভেচ্ছা জানান। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর না গড়াতেই সমাবেশস্থল ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা একটায় সমাবেশস্থলে পৌঁছান বিরোধীদলীয় নেতা। বেলা পৌনে দুইটায় বক্তৃতা শুরু করেন। ২০ মিনিটের বক্তব্যে তিনি সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের নানা অভিযোগ তুলে ধরেন।কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, মঈন খান, পূর্বরত্না বৌদ্ধবিহার অধ্যক্ষ জ্যোতি রত্ন ভিক্ষু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়াসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।সংখ্যালঘুদের স্থাপনায় হামলার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকার ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সব ধর্মের মানুষের ওপর নির্যাতন করছে। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ শান্ত ও দৃঢ় প্রকৃতির। তাঁরা কারও ধারে-কাছে নেই। তাঁদের মন্দিরে হামলা করে সবকিছু লুটপাট করা হয়েছে। হাজার বছরের মূর্তি, পুঁথি, বইসহ সবকিছু পুড়িয়ে দিয়েছে এই আওয়ামী লীগ। তাঁরা হিন্দুদের ঘরবাড়ি ও শশ্মান দখল করেছে। মুসলমানদের ওপরও সরকার নির্যাতন-নিপীড়ন করছে। মসজিদে ঢুকে মুসল্লিদের লাঠিপেটা করা হচ্ছে। সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা হলে তা অবৈধ বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ‘এই সরকারই অবৈধ। কারণ প্রধানমন্ত্রী প্যারোলে থাকা অবস্থায় শপথ নিয়েছেন। যদি বিচার বিভাগ স্বাধীন থাকত, আর যে কেউ উচ্চ আদালতে রিট করত; তাহলে এই সরকারই অবৈধ হয়ে যেত। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বলব, এখনো সময় আছে, সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারব্যবস্থা পুনর্বহাল করুন। নইলে এ দেশে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন আর হতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।’আগামী নির্বাচনে বিএনপি ও ১৮ দলীয় জোট প্রার্থীর পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি পদ্মা সেতুর দুর্নীতি, হল-মার্ক ও ডেসনিটির অর্থ কেলেঙ্কারির কথা তুলে ধরে বলেন, ‘চুরির কারণে সরকার বিশ্বচোর হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই মানুষজন বলে, সারা দেশে একি সুর, আওয়ামী লীগ বিশ্বচোর।’উখিয়ার সমাবেশের পর খালেদা জিয়া চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে পটিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের প্রায় ১০০ ভিক্ষু ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বৌদ্ধবিহারে হামলা ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা চেয়েছিলাম একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। কিন্তু সরকার তা করেনি।’বৈঠক শেষে খালেদা জিয়া রাতেই ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।