তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার সফরের পর ফেনীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সশস্ত্র সংঘর্ষ গণতন্ত্রের জন্য হুমকি। সরকারের ওপর দোষারোপ না করে নিজের ঘর থেকে সশস্ত্র ব্যক্তিদের বহিষ্কার করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। তিনি সেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের পারস্পরিক সক্রিয় ওয়েবসাইটের ওপর প্রশিক্ষণ সমাপনী প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন।কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবিহারে হামলার ঘটনা ‘পরিকল্পিত ও সশস্ত্র জঙ্গিবাদী আক্রমণ’ উল্লেখ করে তথ্যমন্ত্রী দাবি করেন, এ ঘটনার সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রামের জামায়াতের বহু সদস্য জড়িত। বিএনপির সঙ্গে জামায়াতের সশস্ত্র সম্পর্কটা কী, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।গতকাল শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউসে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের পর বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী দাবি করেন, সার্কিট হাউসে ককটেল বিস্ফোরণ সরকারই ঘটিয়েছে।তথ্যমন্ত্রী পরে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান, বোর্ডের সচিব আবদুল মজিদ, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।