নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামা পাক বাহিনীর জন্য ছিল চরম মূর্খতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর সালে পূর্ব পাকিস্তানে কর্মরত সাংবাদিকেরা অনেকটা নিশ্চিত ছিলেন—পাকিস্তানি দখলদার বাহিনী যে যুদ্ধে জড়িয়েছে, তাতে তারা কখনোই জয়ী হতে পারবে না। বিশ্বখ্যাত সাংবাদিক উইলিয়াম মার্ক টালি গত মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে তাঁর পশ্চিম নিজামউদ্দিনের বাসভবনে বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।মার্ক টালি মুক্তিযুদ্ধের সময় বিবিসির সংবাদদাতা হিসেবে পূর্ব পাকিস্তানে আসেন। তখন তিনি খুব কাছ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন। তিনি বলেন, ‘নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়াটা ছিল পাকিস্তানি জান্তাদের চরম মূর্খতা। দেশের অর্ধেক মানুষকে বন্দী রেখে কীভাবে তাঁরা দেশ শাসন করবেন?’বাসসের সঙ্গে আলাপকালে মার্ক টালি মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ‘একাত্তরে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ দেখে খুবই আঘাত পেয়েছিলাম। ২৫ মার্চের পর পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ঢাকা ও এর আশপাশের কিছু এলাকা সাংবাদিকদের ঘুরে দেখান। ওই দলে আমিও ছিলাম। সবকিছুই ঠিকঠাক, চারদিক শান্ত—এ বিষয়টি বোঝানোই ছিল পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য।’বিবিসির তৎকালীন এই সাংবাদিক বলেন, সাংবাদিকদের বলা হয়েছিল, তাঁরা যেখানে খুশি যেতে পারবেন। পরে সেই কথা রাখা হয়নি। মার্ক টালি বলেন, ‘আরিচা ঘাটের দিকে যাওয়ার সময় চারদিকে ব্যাপক ধংসযজ্ঞ দেখেছি। যমুনার দুই পাশের বাড়িঘর পুড়ে ছাই, পুরো এলাকা লন্ডভন্ড। এসব দেখে ভীষণ আঘাত পেয়েছিলাম।’ তিনি বলেন, ‘যেখানে খুশি যাওয়ার অনুমোদন পেয়ে ঢাকার শাঁখারীবাজারে যাই। সেখানে ব্যাপক গোলাগুলি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। আমি বেশ কিছু ছবি তুললাম। হঠাৎ এক পাঞ্জাবি পুলিশ এসে আমাকে ধরে থানায় নিয়ে যায়।’মার্ক টালি বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার চলাচলসংক্রান্ত ফাইল দেখে আমাকে আটক করায় ওই পুলিশকে ধমক দেন। ওসি সম্ভবত বাঙালি ছিলেন। তিনি আমার প্রতি সহানুভূতিশীল আচরণ করেন। ওসির সাহস দেখে আমি মুগ্ধ হই। ওই সময় এটি ছিল অনন্য সাধারণ এক কাজ। আমি তাঁর জন্য গর্ববোধ করি।’ নাইট উপাধি পাওয়া এই ব্রিটিশ সাংবাদিক ওই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে আরও বলেন, সেনা সদর দপ্তর থেকে মেজর জেনারেল রাও ফরমান আলী সাংবাদিকদের ব্রিফ করতেন। মার্ক টালি যুদ্ধের একপর্যায়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানে যান। সেখানে সামরিক কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ নিয়ে বিবিসির প্রচারিত খবর তাদের জন্য অসম্মানের এবং অসত্য। তাই বিবিসিকে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের বদলে ‘ব্রিটিশ বুলশিট করপোরেশন’ কিংবা ‘ভারত বকওয়াজ করপোরেশন’ তারা ডাকা শুরু করে। সামরিক কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের জনগণ বিবিসি সম্পর্কে এমন ধারণাই পোষণ করে।মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি লন্ডনে চলে যান। বেশির ভাগ সময় বিবিসি ওয়ার্ল্ডের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেস্কে ‘চিফ টকস রাইটার’ হিসেবে কাজ করেন তিনি। যুদ্ধ চলাকালেই আবার তিনি ঢাকায় ফেরেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার লোকের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বিবিসির তৎকালীন সংবাদদাতা মো. নিজামউদ্দিনের সঙ্গেও আলাপ হয়। নিজামউদ্দিনের ব্যাপক সহায়তার কথা স্মরণ করে তিনি বলেন, ‘অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। এ খবর শুনে আমি দারুণ মর্মাহত হই।’