নিজের জনপ্রিয় কিছু গান রিমেক করব
দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টিভিতে আজ রাতে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’। পরিচালনা করেছেন কবির বকুল। প্রযোজক আবুল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শুভ্র দেব। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর উপস্থাপনা করলেন?দুই বছর পর। তখন এটিএন বাংলার বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এর প্রায় ১২-১৩ বছর আগে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলাম।‘আনন্দলোকে’ অনুষ্ঠানে কী কী থাকছে?অনুষ্ঠানটি দুর্গাপূজা উপলক্ষে তৈরি হয়েছে। তাই পূজাকে উপলক্ষ করে অনেক কিছুই থাকবে। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন গুণী ও এ সময়ের জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া থাকবে সমসাময়িক নানা বিষয় নিয়ে কৌতুক স্কিড আর কিছু চমক।দুর্গাপূজা উপলক্ষে টিভিতে আর কোনো অনুষ্ঠান করছেন?আজ বাংলাভিশনে ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গান করব। এখানে ধর্মীয় ভাবধারার কয়েকটি লোকগান করব। পাশাপাশি আমার বিভিন্ন অ্যালবাম থেকে কয়েকটি পছন্দের গানও করব। আর দর্শকের অনুরোধ তো রাখতেই হবে। এ ছাড়া নিজের গান ও সংগীতজীবন নিয়েও কথা হবে।এ তো গেল টিভি অনুষ্ঠানের কথা, এবার পূজায় পরিবারের সবাইকে নিয়ে কী করছেন?আমার বাবা-মা, ভাইবোন—সবাই দেশের বাইরে থাকেন। প্রতিবছর দুর্গাপূজায় ষষ্ঠীর দিনে সিলেটের পাটগ্রাম এলাকায় যাই। এবারও গিয়েছি। এ ছাড়া স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বেড়াব। আজ (মঙ্গলবার) অষ্টমীর দিনে যাচ্ছি নারায়ণগঞ্জে শ্বশুরবাড়িতে। আমার ছেলে শ্রেয়ান এখন নানুর বাড়িতে যেতে বেশি পছন্দ করে। কাল (বুধবার) যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরে। ফিরে বনানী পূজামণ্ডপে যাব। এভাবেই পূজার সময়গুলো কেটে যাবে।নতুন কোনো অ্যালবামের কাজ করছেন?আগামী মাস থেকে আধুনিক গানের একটি অ্যালবামের কাজ শুরু করব। এতে আমার পুরোনো অ্যালবামের কয়েকটি জনপ্রিয় গানও থাকবে। গানগুলো রিমেক করে এই অ্যালবামে রাখার ইচ্ছা আছে।