নিজের নাটকগুলোর সময় জানতেই পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক দুই শালিক। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে। ‘দুই শালিক’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির কাজ করেছিলাম বছর দুয়েক আগে। নাটকে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। প্রথমদিকে তাই কাজ করতে কিছুটা সমস্যা হয়েছিল। এই নাটকের কাজ যখন করেছিলাম, তখন ময়মনসিংয়ের আঞ্চলিক ভাষা বলা আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। পরে অবশ্য আমি বদরুল আনাম সৌদের সীমান্ত ধারাবাহিকে একই ভাষায় কাজ করেছি। তখন আর সমস্যা হয়নি।‘দুই শালিক’ নাটকে আপনার অভিনীত চরিত্রটি কী ধরনের?নাটকে আমি একজন কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে বাসায় কাজ করি, পাশে অন্য বাসায় স্বামীকে নিয়ে থাকি। কিন্তু ব্যাপারটি কেউ জানে না। তবে জানাজানি হওয়ার পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। আপাতত এটুকুই। বাকিটা বলে ফেললে নাটকের মজাটা থাকবে না।বাংলাভিশনে আজ ‘রাত-বিরাতে’ অনুষ্ঠানে আপনি অংশ নিয়েছেন।হ্যাঁ। এর আগেও আমি অনুষ্ঠানের আরেকটি পর্বে অংশ নিয়েছিলাম। তবে আমার কাছে এটি বিশেষ কিছু মনে হয় না। তবে এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চেনা পথগুলোকে রাতের বেলায় দেখতে পাই।ঈদে আপনার অভিনীত নাটকগুলো দেখতে পেরেছেন?এবার ঈদে আমি কয়েকটি নাটক দেখেছি। কিন্তু নিজের অভিনীত কোনো কাজই দেখতে পারিনি। কারণ, নাটকগুলো কখন দেখানো হয়েছে, তা জানতেই পারিনি। তবে আমার মনে হয়েছে, গত বছরের তুলনায় এবার কম মানসম্পন্ন নাটক বেশি দেখানো হয়েছে। এবার ঈদে আমি যে কটি নাটক দেখেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাট্টিমা টিম টিম, সাইফুল আর্টিস্ট, আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম। এগুলো ভালো লেগেছে। তবে এবার অনেক ভালো পরিচালকের কাছ থেকে সেভাবে ভালো কাজ পাইনি। হয়তো সেজন্যই আমার কাছে এটা মনে হয়েছে।নতুন কী কাজ করছেন?এরই মধ্যে আগামী ঈদের কাজ শুরু হয়ে গেছে। বিজয় মজুমদারের লেখা এবং মেহেদী হাসানের পরিচালনায় প্রজাপতি অভিঘাত নামে একটি নাটকের কাজ শেষ করেছি। এ ছাড়া ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বাছাইপর্বে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে কাজও শুরু করছি। এর মধ্য দিয়ে প্রায় দুই বছর পর আবার কোনো রিয়েলিটি শোর বিচারকাজের সঙ্গে যুক্ত হলাম।