নিজের নাটকে কাজের অনুভূতি অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা ফাল্গুন আর কাল ভালোবাসা দিবস। এ উপলক্ষে এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক ফিরছি বিরতির পর। লিখেছেন রুম্মান রশিদ খান, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকে অভিনয় করেছেন তারিন। কথা হলো তাঁর সঙ্গে।‘ফিরছি বিরতির পর’ নাটকটি নিয়ে কিছু বলুন।আমি আর আমার বোন নাহিনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে, নাম তানা। আমাদের প্রযোজিত প্রথম নাটক স্বপ্নের শুরু প্রচারিত হয়েছিল বছর দুয়েক আগে। ফিরছি বিরতির পর চতুর্থ নাটক। নিজেদের প্রযোজিত নাটকে আমার কাজ করার আগ্রহ নেই। পরিচালক যাঁকে ভালো মনে করবেন, তাঁকেই নেবেন। এবার এই নাটকে পরিচালক আমাকে অভিনয় করতে অনুরোধ করেন। তাই রাজি হয়েছি। নিজের প্রযোজিত নাটকে কাজ করতে কেমন লেগেছে?টিভি নাটকে আমি ২৬ বছর ধরে কাজ করছি। তবে নিজের প্রযোজিত নাটকে কাজ করার অনুভূতিটা অন্য রকম। অন্য নাটকে কাজ করার সময় যে সংকটগুলোর মুখোমুখি হই, নিজের নাটকে সেগুলো যাতে না ঘটে, সেই চেষ্টা করি। পরিচালক আর শিল্পীদের চাহিদার পুরোটাই পূরণ করি। যাতে কারও কোনো অভিযোগ না থাকে।‘ফিরছি বিরতির পর’ নাটকে কবে কাজ করেছিলেন?গত ডিসেম্বরের শেষ দিকে। নাটকে কাজ করার একটা ঘটনা আলাদা করে বলতে চাই। সেটা ছিল ৩০ ডিসেম্বর। তীব্র ঠান্ডা। তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। চিত্রনাট্যে বৃষ্টিতে ভেজার দৃশ্য ছিল। বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। পুরো দৃশ্যটি চূড়ান্ত হতে প্রায় চার ঘণ্টা লেগেছিল। ওই ভেজার কথা মনে হলে এখনো শরীরে কাঁপুনি শুরু হয়। আমার সঙ্গে ছিলেন আরেফিন শুভ। তিনি তো তখন ঠকঠক করে কাঁপছিলেন।নাটকে তো আপনি গানও গেয়েছেন।আসলে আমার গানের একটি অডিও অ্যালবামের কাজ হচ্ছে। ওখান থেকে একটা গান নাট্যকার আগেই শুনেছিলেন। তিনিই পরে তা চিত্রনাট্যে যুক্ত করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালোই লাগবে।আপনি তো এখন রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করছেন।আমি কিন্তু খাবার খেতে খুব ভালোবাসি। টিভিতে যেখানেই রান্নার অনুষ্ঠান হয়, অবসর থাকলে তা দেখতে বসে যাই। নিজে রান্না করতে পছন্দ করি। তাই আরটিভির ওই অনুষ্ঠানটির যখন প্রস্তাব পেলাম, আমার খুব পছন্দ হলো। কাজটা আমি খুব উপভোগ করছি। আপনার গানের অ্যালবামটি শ্রোতারা কবে হাতে পাচ্ছেন?কাজ এখনো শেষ হয়নি। এখানে ঢাকার ইবরার টিপু ও বাপ্পা মজুমদার আর কলকাতার রূপঙ্কর ও জয় সরকার গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। এ মাসের শেষ দিকে কলকাতায় যেতে হবে। আশা করছি, এবার পুরোটাই শেষ করতে পারব।