গীতিকার ও সুরকার পরিচয় ছাপিয়ে শফিক তুহিন এখন পুরোদস্তুর গায়ক। প্রথম অ্যালবাম স্বপ্ন এবং তুমির সাফল্যের পর ঈদ উপলক্ষে গতকাল বুধবার বেরিয়েছে শফিক তুহিন ডটকম নামের একটি মিশ্র অ্যালবাম। অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু, আরফিন রুমি, হূদয় খান ও মুন। অ্যালবামে গান লেখার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শফিক তুহিন। কথা হলো তাঁর সঙ্গে।অ্যালবামের নাম ‘শফিক তুহিন ডটকম’ কেন?আমাকে এত দিন সবাই গীতিকার ও সুরকার হিসেবে চিনেছে। কিন্তু আমার প্রথম একক অ্যালবাম স্বপ্ন এবং তুমি বাজারে আসার পর সবাই আমাকে গায়ক হিসেবে চিনতে শুরু করেছে। মূলত নিজের নামকে আরও ব্যাপকভাবে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এমনটা করেছি।অ্যালবামে কে কে গান করেছেন?এই অ্যালবামে গান আছে ১০টি। এর মধ্যে পাঁচটি দ্বৈত গান। এখানে আমার সঙ্গে গেয়েছে রন্টি দাস, অরিন ও পলবাশা। আর বাকি পাঁচটি আমার একক গান। গানের কথাগুলো হচ্ছে ‘সূর্য মুচকি হাসে’, ‘নতুন করে জন্ম নেব’, ‘আরও বেশি ভালোবাসতে চাই’, ‘স্বপ্ন কাব্য’, ‘বন্ধুর জন্য গান’, ‘ভালোবাসা নিও’, ‘প্রশ্নোত্তর’, ‘প্রকৃতি’ ও ‘বাংলাদেশ’। এগুলোর মধ্যে ‘আরও বেশি ভালোবাসতে চাই’ আমার প্রথম অ্যালবামের ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানের সিক্যুয়াল।এই অ্যালবামের বিশেষত্ব কী?আমার প্রথম অ্যালবামের মেলোডিয়াস গানগুলো শ্রোতারা বেশি পছন্দ করেছে। আপনার গান নিয়ে তো চলচ্চিত্র তৈরি হচ্ছে। কেমন লাগছে?এর আগে আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি নিয়ে ছবি তৈরি হয়েছিল। এবার আমর ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি নিয়ে ছবি তৈরি হচ্ছে। এটা নিঃসন্দেহে যেকোনো শিল্পীর জন্যই আনন্দের।নতুন কী কাজ করছেন?রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরাকে নিয়ে আধুনিক গানের একটি অ্যালবাম করব। তাঁদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।ঈদের কোনো অনুষ্ঠানে গান করেছেন?ঈদে বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, একুশে টিভি ও বৈশাখী টিভির কয়েকটি গানের অনুষ্ঠানের জন্য নতুন ও পুরোনো অ্যালবামের কয়েকটি গান করেছি।