নিজের নামে কলেজ চান না মালালা
পাকিস্তানের সোয়াত জেলার মিঙ্গোরায় নিজের নামে কলেজ না করতে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাই। আজ শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে টেলিফোনে পাকিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কামরান রেহমানকে এ অনুরোধ জানায় মালালা। ওই কলেজের শিক্ষার্থীদের ওপর জঙ্গি হামলা ঠেকাতেই মালালা এ অনুরোধ জানিয়েছে বলে জানান কামরান।এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি মালালার এলাকা মিঙ্গোরায় তার নামে একটি কলেজের নামকরণের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এতে ক্ষুব্ধ হয় ওই কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজ থেকে মালালার ছবি ছিঁড়ে ফেলে, ক্লাস বর্জন করে। তাদের দাবি, মালালার নামে কলেজের নামকরণের মধ্য দিয়ে তাদের জীবন হুমকিতে ফেলা হয়েছে। এ খবর পেয়ে মালালা কামরানকে টেলিফোনে তার নামে কলেজ না করতে অনুরোধ করেন।চলতি বছরের ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী মালালা ইউসুফজাই। এরপর পাকিস্তানে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার্থে যুক্তরাজ্যে পাঠানো হয় তাকে। তখন থেকেই পাকিস্তানে নারীশিক্ষা বিকাশে অবদান রাখায় বিশ্বজুড়ে আলোচিত নাম মালালা। কিন্তু মালালার এমন খ্যাতিও তাকে তালেবান হামলার হুমকি থেকে রেহাই দিচ্ছে না।পাকিস্তানি তালেবানরা ঘোষণা দিয়েছে, তারা ফের হামলা চালাবে মালালার ওপর। তাদের মতে, মালালা মেয়েদের শিক্ষার জন্য প্রচারণা চালাচ্ছে।