নিজের পছন্দের কিছু গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভির আজ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রাতে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে মমতাজের গানের অনুষ্ঠান উৎসবে মমতাজ। কথা হলো মমতাজের সঙ্গে।দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তো গান করছেন।হ্যাঁ, দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাকে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেশ টিভির কর্তৃপক্ষ ও দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি।‘উৎসবে মমতাজ’ অনুষ্ঠানে কী ধরনের গান করছেন?আমার নিজের পছন্দের কিছু গান আছে। এগুলো সব সময় গাওয়া হয় না। শ্রোতারাও তেমন শোনেনি। এর আগে ঈদে চ্যানেল আইতে এবং পরে আরটিভিতে দুটো অনুষ্ঠানে আমি তেমনই কিছু গান করেছিলাম। আসলে শ্রোতারা আমার খুব জনপ্রিয় হওয়া গানগুলোই বেশি শুনতে চায়। কিন্তু তাদের একটু অন্য রকম গানও শোনাতে চাই। এসব গান মঞ্চেও কখনো গাওয়ার সুযোগ হয় না।আপনি তো জাতীয় সংসদের একজন সদস্য। এত দিন সংসদ অধিবেশন চলেছে। এ সময় গানের জন্য কতটা সময় দিতে পারছেন?আমি সংসদ অধিবেশন চলার সময় খুব বেশি গানের অনুষ্ঠান করি না। প্রায় প্রতিদিনই সংসদে উপস্থিত থাকার চেষ্টা করি। সংসদ অধিবেশন না থাকলে কিংবা গানের অনুষ্ঠানের তেমন চাপ যদি না থাকে, তাহলে আমার এলাকা মানিকগঞ্জের সিঙ্গাইর-হরিরামপুরে চলে যাই। ওখানকার মানুষের সঙ্গে সময় কাটাই। কিন্তু এখন তো অনুষ্ঠানের অনেক চাপ। প্রায় প্রতিদিনই একাধিক অনুষ্ঠানে গান করতে হচ্ছে। এর ফাঁকেই অন্য সব কাজ করি।বছর খানেক আগে ভারতের বহরমপুর আদালতে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। আপনি জামিন নিয়েছিলেন। পরে উচ্চ আদালত থেকে সেই জামিন বাতিল করা হয়।দেখুন, মুর্শিদাবাদের বহরমপুরে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়। সেখানে তারা অভিযোগ করে, আমি নাকি অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠান করিনি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যেহেতু মামলা হয়েছে, আইনজীবীর মাধ্যমে আদালতে আমার বক্তব্য উপস্থাপন করেছি। এ ছাড়া আমি নিজেও তিনবার সেখানে গিয়েছি। যে অভিযোগ করেছে, সে এখন চাচ্ছে আমি যেন ভারতে তার মাধ্যমেই অনুষ্ঠান করি। তাহলে সে মামলা প্রত্যাহার করবে। এটা তো সম্ভব নয়। আর ওখানকার আদালতের বেশির ভাগ কাগজ পাইনি। এবার একটা কাগজ পেয়েছি। আমাকে এপ্রিল মাসে আদালতে হাজির হতে বলা হয়েছে। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছি। দেখি কী হয়।