নিজের পিস্তলে গুলিবিদ্ধ!
চাঁদপুরে শহরের মিশন রোডে কে এম শামছুল হুদা (১৮) নামের এক কলেজছাত্র নিজের পিস্তলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ রোববার বিকেলে মিশন রোডের সৈয়দা ভবনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ আহত শামছুল হুদার বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে। শামছুল হুদা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সাধীন। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে শামছুল হুদা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তিনি চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে সেখানে অনেক অস্ত্র দেখতে পান। পরে ওই বাসা থেকে তিনি পাঁচটি গুলিসহ এই পিস্তলটি নিয়ে আসেন। আজ বিকেলে নিজের ঘরে পিস্তলটি নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ করেই একটি গুলি তাঁর বাম হাতের তালুতে লেগে যায়। এ সময় শামছুল হুদার মা তাঁকে আহত অবস্থায় প্রথমে পুরান বাজার রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে শামছুল হুদার বাসা থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। পরে শামছুল হুদাকে পুলিশ পাহারায় চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়। এসআই আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি। শামছুল হুদার বাবা মো. আবুল কাশেম খান একজন ব্যবসায়ী। তাঁর মা শামীমা সুলতানা পুরান বাজার ৩ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।