নিজের বানানো বোমায় প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শনিবার রাতে বোমা বিস্ফোরণে আহত বোমা কারিগর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আবদুস সালাম। তিনি উপজেলার বামুন্দী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমপাড়া গ্রামে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে গুরুতর আহত অবস্থায় সালামকে পড়ে থাকতে দেখে। বিস্ফোরণে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমা, অস্ত্রসহ সালামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে থেকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পথে রাতেই তাঁর মৃত্যু হয়।মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আবদুস সালাম প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, গতকাল রাতে নিজের বানানো দুটি বোমা ও একটি শাটারগান ব্যাগে ভরে সেগুলো ১২ হাজার টাকায় বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। পথে হোঁচট খেয়ে ব্যাগসহ পড়ে যান তিনি। এ সময় ব্যাগে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। আবদুস সালাম বোমা বানিয়ে চরমপন্থী দলের কাছে বিক্রি করতেন। কখনো কখনো নিজে বিভিন্ন সন্ত্রাসী কাজে এগুলো ব্যবহার করতেন বলেও স্বীকার করেছেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক প্রথম আলো ডটকমকে বলেন, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল আলিমকে বোমা মারার মামলায় বেশ কিছুদিন জেলে ছিলেন আবদুস সালাম। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে।