‘সুবেদার ইসমাইলের বাসায় আশ্রয় নেওয়ার পর বিডিআর জওয়ানরা বারবার সেখানে আমাকে খুঁজতে আসে। ওই বাসায় থাকা বেশ কয়েকজন জেসিওর একজন একপর্যায়ে বলেন, “স্যারকে মনে হয় রক্ষা করা গেল না।” আরেকজন বলেন, “আমাদের মৃত্যুর আগে যেন স্যারের মৃত্যু না হয়”।’পিলখানা হত্যা মামলার সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরী গতকাল বুধবার আদালতে বিডিআরে বিদ্রোহের সময় নিজের বেঁচে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি তাঁকে আশ্রয় দেওয়া ওই সুবেদারের পরিবারের সব সদস্য এবং তাঁর প্রাণ বাঁচানো জুনিয়র কমিশন অফিসারদের (জেসিও) প্রতি কৃতজ্ঞতা জানান। জবানবন্দি দেওয়ার সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। তাঁর কান্না থামাতে বিচারক জহুরুল হক বলেন, এটি আদালত, আবেগের জায়গা নয়।রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ হত্যা মামলার বিচারকাজ চলছে। গতকাল সকাল নয়টা ৫০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। কারাগারে থাকা আসামিদের এর আগে আদালতে হাজির করা হয়।এ মামলার আসামি বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মদ পিন্টুকে একটি মুঠোফোন সেট ও ৩০ হাজার টাকা দেওয়ার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করে পুলিশ।গতকাল শুরুতে মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনীমের অসম্পূর্ণ জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরায় এক আইনজীবী বলেন, বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্যই এত জওয়ানকে আসামি করা হয়। জবাবে তাসনীম বলেন, এটা ঠিক নয়।এরপর মামলার চতুর্থ সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরী সাক্ষ্য শুরু করেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তিনি ওই ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহ উপলক্ষে দরবার হলের অর্গানাইজারের দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল নয়টায় দরবার শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে সিপাহি মাঈন অস্ত্র নিয়ে পেছনের দরজা দিয়ে দরবার হলে ঢোকেন। তিনি মঞ্চে উঠে মহাপরিচালকের বুকে অস্ত্র তাক করেন। এ সময় মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা তাঁকে ধরে চিত করে শুইয়ে দেন। দরবার হলে হইচই শুরু হয়। তখন এসএমজি হাতে সিপাহি কাজল দরবার হলে প্রবেশ করেন। দরবার হলের পশ্চিম দিকের দরজার কাছে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে উত্তরে মাঠের দিক থেকে আরও কয়েকটি গুলির শব্দ আসে। একপর্যায়ে দরবার হল খালি হয়ে যায়।শামসুল আলম বলেন, তিনি সিপাহি সেলিম রেজা, সিপাহি রফিকুল, সিপাহি ওবায়দুল, সিপাহি ইব্রাহীমসহ ৪০ রাইফেল ব্যাটালিয়নের আরও ১০-১২ জন সৈনিককে অস্ত্র হাতে দরবার হলে বিক্ষিপ্তভাবে গুলি করতে দেখেন। মহাপরিচালকের নির্দেশে বাইরে বিচ্ছিন্নভাবে থাকা সৈনিকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিছু সৈনিক আসতে চাইলেও হাবিলদার-নায়েক পদবির কয়েকজনের কারণে তা হয়নি। দরবার হলের ১০-১২ গজ দূরে দাঁড়ানো এক সিপাহি ‘আর্মি অফিসারের রক্ত চাই’ বলে চিৎকার করেন।কর্নেল শামসুল বলেন, ‘হঠাৎ একজন সৈনিক আমার মুখ চেপে ধরেন, অনেকটা জোর করে আমার র্যাকব্যাজ খুলে ফেলেন। এরপর ধাক্কাতে ধাক্কাতে একটি বাসার দিকে নিয়ে যান। এ সময় আরপি চেকপোস্টের কাছে ৪৪ রাইফেলের সিপাহি মুহিত, সিপাহি কামাল মোল্লা, সিপাহি মতিনকে অস্ত্রসহ দেখা যায়।’ তিনি বলেন, ‘কয়েকজন জেসিও আমাকে পাশের সুবেদার ইসমাইল হোসেনের বাসায় নিয়ে যান। তাঁরা আমাকে পায়জামা-পাঞ্জাবি পরান। পরে ওই বাসার জানালা দিয়ে একজন জেসিওকে গুলি করে হত্যা করতে দেখি। ৫ নম্বর গেটের কাছে দেখি, তিনজন সৈনিক মেজর শাহনেওয়াজকে হাত ওপরে করে নিয়ে যাচ্ছেন। এরপর গুলির শব্দ শুনি। একটু পর মেজর সালেহকে একই অবস্থায় দেখি।’শামসুল আরও বলেন, ওই বাসায় বেশ কয়েকবার দরজায় ধাক্কার শব্দ শোনা গেছে। প্রতিবারই সুবেদার ইসমাইলের স্ত্রী জানান, বাসায় কেউ নেই, উনি একা। একবার বমির ভান করে বলেন, তিনি অসুস্থ, তাঁরা যেন চলে যান। এরপর জওয়ানরা চলে যান। তিনি বলেন, একপর্যায়ে তিনি ইসমাইলের ছেলে রাসেলের মুঠোফোন দিয়ে তখনকার এসএসএফের মহাপরিচালকের কাছে ফোন করে বাঁচার আকুতি জানান। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দরবার হলের বাতি বন্ধ হয়। একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ঘন ঘন দরবার হল থেকে ১৩ রাইফেল ব্যাটালিয়নের দিকে যাওয়া-আসা করছিল। ঝাড়ুদারদের দুই চাকার গাড়ি এবং বালতি নিয়ে তৎপরতাও দেখা যায়। পরদিন সকালে দরবার হলের পশ্চিম দিকে ডিএডি তৌহিদ আসেন এবং কয়েকজন সৈনিকের সঙ্গে আলাপ করে চলে যান। এ সময় ‘তৌহিদ জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। দুপুর ১২টা ও দেড়টার দিকে ৫ নম্বর গেটের কাছে স্লোগান শোনা যায়, বেশ কিছু সৈনিককে বের হতে দেখা যায়।কর্নেল শামসুল বলেন, তিনি দুবার পালানোর চেষ্টা করেন, কিন্তু সুযোগ পাননি। ২৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে এক সাংসদের গাড়িতে করে তিনি বের হন।শামসুল আলমের জবানবন্দি শেষে বেলা পৌনে তিনটার দিকে বিচারক জহুরুল হক ১৯ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করেন।ছাত্রদলের নেতা আটক: বিএনপির সাবেক সাংসদ পিন্টুকে একটি মুঠোফোন সেট ও ৩০ হাজার টাকা দেওয়ার সময় বিকেলে বিশেষ আদালত থেকে চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামকে পুলিশ আটক করে। পুলিশ জানায়, নাহিদ সিটি ল কলেজে পড়ছেন বলে দাবি করেন।চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, আইনজীবী পরিচয় দিয়ে নাহিদ আসামি পিন্টুকে ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট দেওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে তাঁকে আটক করা হয়।