নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে
জ্যৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট, সিডিএ এভিনিউ শাখা, ঢাকা ব্যাংক, চট্টগ্রাম‘আমি মেয়ে, এ কথা মনে করে নিজেকে দুর্বল ভাবার কিছু নেই। নিজেকে একজন মানুষ হিসেবে ভাবতে হবে। নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। এটা আমার জীবনবোধ। এভাবেই নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’কথাগুলো বলেন তাহেরা বেগম। পেশাগত জীবনে যিনি একজন সফল ব্যাংকার। আর পারিবারিক জীবনে সফল স্ত্রী এবং মা হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।কাজ করছেন চট্টগ্রামের ঢাকা ব্যাংক লিমিটেডের সিডিএ এভিনিউ শাখায়। ব্যবস্থাপক এবং জ্যৈষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। চাকরিজীবন শুরু হয় ১৯৮৬ সালে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এবি ব্যাংক শাখায় সহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন। জ্যেষ্ঠ কর্মকর্তা পদে থাকাকালে এখানকার চাকরির পাট চুকিয়ে ফেলেন। ১৯৯৬ সালে যোগ দেন ঢাকা ব্যাংকে, আগ্রাবাদ শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে। ২০০৯ সালে আগ্রাবাদ থেকে বদলি হয়ে আসেন সিডিএ এভিনিউ শাখায়। মাঝখানে ২০১০ সালে বদলি হন ঢাকার গুলশান শাখায়। কিছুদিন পর আবার ফিরে আসেন চট্টগ্রামে। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এরপর পেশাগত দক্ষতার তাগিদে আবারও পড়াশোনার সঙ্গে যুক্ত হন। ২০০৬ সালে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) থেকে এমবিএ পাস করেন। তাঁর তিন ছেলে। বড় ছেলে ঢাকায় গ্রামীণ ব্যাংকের আইটি বিভাগে যোগ দিয়েছেন সমপ্রতি। মেজ ছেলে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আর ছোট ছেলে চট্টগ্রামে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে একাদশ শ্রেণীতে পড়ছে। ২০০২ সালে তাহেরা বেগমের জীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক দুর্যোগ। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তাঁর স্বামী মনজুর-ই-আলম তরফদার। বন গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তিন ছেলের জন্য তাহেরা বেগম নতুনভাবে বাঁচতে শুরু করেন। একাই লড়েছেন। একদিকে ছেলেদের পড়াশোনা, অন্যদিকে নিজের চাকরি। মায়ের কঠোর জীবন-সংগ্রাম ছেলেদের কতটা প্রভাবিত করেছে? তাহেরা জানান, ‘বাবাভক্ত তিন ছেলে বাবাকে হারিয়ে একা হয়। কিন্তু মায়ের সংগ্রাম তাদের অনুপ্রাণিত করেছে। মা-ই এখন তাদের কাছে আদর্শ।’ নিজের কাজের জায়গা সম্পর্কে তাহেরার মূল্যায়ন, ‘আমাদের ব্যাংকের পরিবেশ খুব ভালো। আমরা সবাই ঘরোয়া পরিবেশে কাজ করি।’ তাঁর ব্যক্তিগত অনুভূতি হলো, ‘আমি মেয়ে হিসেবে কোনো বাড়তি সুবিধা নেওয়ার পক্ষপাতী নই। সে হোক আমার পারিবারিক জীবন কিংবা পেশাগত জীবনে। প্রতিদিন সময় মেপে বরং সবার আগেই অফিসে আসি। মেয়ে বলে কোনো অজুহাতে দেরিতে আসার যৌক্তিকতা নেই আমার কাছে।’ শিরীন আখতার, সৈয়দা নাজমা পারভীন ও নাফিসা হাবীবের সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপা। চট্টগ্রাম থেকে তাহেরা বেগমের সাক্ষাৎকার নিয়েছেন নিজাম সিদ্দিকী