১৯৯৮ সালের ৪ নভেম্বর। নতুন শতাব্দীর জন্য অপেক্ষা আর চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি চলছে একই সঙ্গে। বিশ্বজুড়ে তখন চরম উত্তেজনা। শুধুই কি উত্তেজনা? ছিল নতুন স্বপ্নও। ছিল শতাব্দীর উপযোগী হয়ে ওঠার লড়াই, স্বপ্ন বাস্তবায়নের নানামাত্রিক প্রয়াস ও প্রচেষ্টা।ঠিক তখন, বাংলাদেশের নব্বই-পরবর্তী সময়ের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার এক দশক পূর্ণ হচ্ছিল। ৫৬ হাজার বর্গমাইলের বদ্বীপরাষ্ট্র বাংলাদেশের জনগণ যে স্বপ্ন, আকাঙ্ক্ষা আর বুকভরা দ্রোহ-প্রেমে দেশ স্বাধীন করেছিল, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল; এই সময় তারাই যেন না-পাওয়ার কষ্টে আর স্বপ্নভঙ্গের বেদনায় ক্রমেই হয়ে পড়েছিল দ্বিধান্বিত ও বিরক্ত।দ্বিধাদ্বন্দ্বের এই সময়ে বাংলাদেশের রাজনীতি অনেকাংশেই দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এমনকি যাঁদের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক কিছু, অন্য রকমের কিছু, তাঁরাও। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানকে মনে করা হতো আশা-ভরসা-প্রাপ্তির ও প্রত্যাশার প্লাটফর্ম, সেসব প্রতিষ্ঠানের অনেকেই বিভক্ত রাজনীতিতে বৃত্তবন্দী হয়ে পড়েন কিংবা তাঁদের মধ্যে সেই ধরনের প্রবণতা ফুটে ওঠে।সেই সময়ের বাস্তবতায় পত্রিকার পাঠককে প্রায়ই বলতে শোনা যেত, কোনো একটা পত্রিকা পড়ে দেশ-বিদেশের যেকোনো ঘটনা বস্তুনিষ্ঠভাবে জানা-বোঝা ও উপলব্ধি করা আর যেন সম্ভব হচ্ছে না। এমন একটি অবস্থায় দাঁড়িয়ে এক যুগ আগে ৪ নভেম্বরের আজকের দিনে আত্মপ্রকাশ ঘটে প্রথম আলোর। আমাদের একমাত্র আশা-ভরসা ছিলেন প্রিয় পাঠক আপনারা, যা আজও বিশ্বাসে লালন করি। শুধু বিনম্রচিত্তে আত্মজিজ্ঞাসা, আমরা আপনাদের আস্থার, আপনাদের বিশ্বাসের কতটা গভীরে পৌঁছাতে পেরেছি।নিজের সঙ্গে যুদ্ধপ্রিয় পাঠক, আপনাদের মনে আছে হয়তো, আমাদের বিজ্ঞাপিত স্লোগান ‘প্রথম আলোর প্রতিদ্বন্দ্বী এখন প্রথম আলো’। প্রকাশের স্বল্প সময়ের মধ্যে প্রথম আলোর ললাটে যখন সর্বাধিক প্রচারিত দৈনিকের গৌরব-তিলক জুটল, তখন প্রথম আলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল প্রথম আলো। এই প্রতিদ্বন্দ্বিতা সাংবাদিকতার ক্ষেত্রে সূচনা করল নতুন এক অধ্যায়। জন্মলগ্ন থেকে একটা প্রত্যয়ে আমরা ছিলাম নিঃশঙ্কচিত্ত সৈনিকের ভূমিকায়, সেটা হচ্ছে নিজের সঙ্গে যুদ্ধ করা। চেতনার এই জায়গা আমরা শাণিত করে চলেছি এক যুগ ধরে, ভবিষ্যতেও স্থিত থাকতে চাই, অনির্বাণ হতে চাই নিজের সঙ্গে যুদ্ধ করার অভিপ্রায়ে।আমাদের যুদ্ধ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য। সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে, সব ভয়ভীতি আর প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত নিজের সঙ্গে যুদ্ধ করে যেতে চাই, যেটা আমরা করে এসেছি বিগত দিনগুলোতে। আমরা মনে করি, এই যুদ্ধটাই আমাদের সব প্রতিকূলতার বিরুদ্ধে পথ চলতে সাহস জোগায়। যখন দেখি, দুর্নীতিপরায়ণ ও সন্ত্রাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ভূমিদস্যুরা আমাদের ওপর আক্রমণ করছে, ছুড়ে দিচ্ছে শ্লেষ আর বিদ্রূপবাণ, তখন বুঝি, আমরা সত্য ও সুন্দরের পথে আছি, থাকবও। বারবার ধর্মীয় উগ্র জঙ্গিগোষ্ঠী প্রথম আলোকে আক্রমণ করেছে, পত্রিকা বন্ধের দাবি তুলেছে। তার পরও আমরা পিছপা হইনি, ভবিষ্যতেও হব না।শুরুর কষ্ট, অনিশ্চয়তার দোলায়আজ থেকে ১২ বছর আগে একটা স্বাধীন, বস্তুনিষ্ঠ, পারিবারিক ও মানবিক দৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল প্রথম আলো। এক যুগ পর পেছন ফিরে তাকালে দেখি, কাজটা আমাদের মোটেই সহজ ছিল না। বরং পথ ছিল বন্ধুর, দ্বার ছিল কখনো রুদ্ধ। মাথার ওপর ছিল সরকারি কাজের গোপনীয়তা রক্ষার নামে ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট’-এর নিগড় (যার রেশ এখনো বহাল)। ছিল নানা মহলের নানা চাপ, আর ভয়ভীতি প্রদর্শন।একটি বিষয়ে শুরুতেই প্রথম আলোর সিদ্ধান্ত খুব পরিষ্কার ছিল, আমরা কখনো পত্রিকার প্রচারসংখ্যা নিয়ে অসত্য বলব না। প্রচারসংখ্যা পাঠক ও শুভানুধ্যায়ীর জন্য নিয়মিতভাবে পত্রিকায় প্রকাশ অব্যাহত রাখব। এ নিয়ে শুরুর দিকে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। দুটি উদাহরণ দিই:১. প্রথম আলো শুরুর আড়াই বছর সময়ের মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পাঁচটি (ফেব্রুয়ারি ২০০১ পর্যন্ত) নিরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়েছিল মাত্র তিনটি। কেন? প্রথম আলোর ওপর তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী রেগে ছিলেন।প্রথম আলোর সম্পাদক হিসেবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি লিখেছিলাম, প্রথম আলোর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী যে আচরণ করছেন, তার উদ্দেশ্য আমাদের কাছে খুব পরিষ্কার। সেটা হলো, সরকারের সঙ্গে সুর মিলিয়ে চলতে হবে, তা না হলে ভুগতে হবে।আমাদের অভিজ্ঞতায় আমরা বলতে পারি, বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) আমলে, সেটা ২০০১ সালের জুনের কথা, সরকার হঠাৎ একবার রেগে গিয়ে প্রথম আলোয় সরকারি বিজ্ঞাপনের বরাদ্দ শূন্য করে দিল। আমাদের মোবাইল ফোন নিউজ সার্ভিস বন্ধ করে দিল। নির্বাচনের পর তারা নিজেদের পরাজয়ের জন্য নানাভাবে গালমন্দ করল প্রথম আলোকে।২. বিএনপির আমল এল। কিন্তু কয়েক মাসের মধ্যেই তারা প্রথম আলোর ওপর খেপে যায়। এমনকি তথাকথিত ‘হাওয়া ভবনের’ মুখ্য কুশীলব আমাদের ডেকে গালমন্দ করলেন। প্রধানমন্ত্রী ভয় দেখালেন। একসময় তাঁরা আমাদের বিজ্ঞাপন নির্ধারণ করে দিলেন দৈনিক ১০ ইঞ্চি। আমরা গিয়ে তথ্যমন্ত্রীকে বললাম, আমাদের কোনো তদবির নেই। তবে অভিজ্ঞতার কথা বলি, যে সরকার সংবাদপত্রের সঙ্গে এ রকম আচরণ করে, তারা নির্বাচনে হেরে যায়। কারণ সংবাদপত্র তো জনগণের মুখপাত্র। আমরা দেখলাম, নির্বাচনে তাদের ভরাডুবি হলো। দুর্নীতি, সন্ত্রাস আর দলীয়করণের কারণেই এমনটা ঘটল।তারপর ২০০৬ সাল এল। রাজনৈতিক শক্তিগুলোর হানাহানি আর রক্তারক্তির ফলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছাল। সশস্ত্র বাহিনী হস্তক্ষেপ করল। তাদের সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম আলোর ভূমিকা নিয়ে ইদানীং অনেক কথা বলা হচ্ছে। প্রিয় পাঠক, সত্য হলো, ২০০৬ সালের জুলাই থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সব ক্যান্টনমেন্টে প্রথম আলো নিষিদ্ধ ছিল। দুই বছরে সারা দেশে প্রথম আলোর ১৪ জন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শনসহ সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। একটা বিশেষ গোয়েন্দা সংস্থার প্ররোচনায় প্রথম আলোর বিরুদ্ধে (উলফা-সংশ্লিষ্টতার বানোয়াট ও দুরভিসন্ধিমূলক অভিযোগ এনে) দেশি-বিদেশি প্রচারমাধ্যমগুলোতে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। আবার তাদেরই প্ররোচনায় একটি ধর্মীয় উগ্র জঙ্গিগোষ্ঠী প্রথম আলোর বিরুদ্ধে প্রচারণা চালায়, এমনকি বহু স্থানে পত্রিকা বিক্রিতে বাধা দেয়। জরুরি অবস্থার মধ্যে তারা প্রথম আলোর বিরুদ্ধে সভা-সমাবেশও করেছে। অথচ জরুরি বিধি লঙ্ঘনের জন্য তাদের শাস্তি হয়নি। এবং তাদেরই প্ররোচনায় তথ্য উপদেষ্টা প্রথম আলো সাময়িকভাবে বন্ধের তোড়জোড় পর্যন্ত করেছিলেন। সর্বোপরি একটি বিশেষ গোয়েন্দা সংস্থা প্রথম আলোর সাত বছরের আয়-ব্যয়ের সব কাগজপত্র নিয়ে গিয়ে একটি অডিট ফার্মকে দিয়ে এক বছর ধরে তন্ন তন্ন করে ভুল-ত্রুটি আর অন্যায়-অনিয়ম তালাশ করেছিল। কিন্তু তারা কিছুই পায়নি।পেছন ফিরে যখন এসব কষ্ট আর অনিশ্চয়তার দোলায় ঘেরা সময়ের দিকে তাকাই, তখন মনে হয়, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি বিশ্বস্ত ছিলাম বলেই আমরা উতরে গেছি। আমাদের পাঠকদের সহমর্মিতায় এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পেরেছি এবং ক্রমেই উত্তরণের পথে চলেছি।কী নেই আমাদের!আমরা মায়ের ভাষায় আন্দোলনে জয়ী হয়েছি। মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। এই লড়াই বা যুদ্ধের লক্ষ্য ছিল, এই জয়ের কাঙ্ক্ষিত ফল হওয়া আবশ্যক ছিল একটাই—আমাদের উত্তর-প্রজন্ম যেন সুখে থাকে, নিরাপদে থাকে। কিন্তু কোথায় এখন আমরা!এ দেশের কী নেই! প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এ দেশের মানুষের উৎপাদনশীলতা, সৃজনশীলতা, পরিশ্রম করার ক্ষমতা বিস্ময়কর। এ কারণে দারিদ্র্যমুক্ত, অশিক্ষামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে অবশ্যই সম্ভব সম্প্রীতিময় মানবিক সুন্দর একটা দেশ গড়ে তোলা।এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। পাশাপাশি প্রথম আলো শুধু প্রতিবেদন প্রকাশ, মন্তব্য প্রদান ও বিশ্লেষণ নয়, আরও অনেক মানবহিতৈষী কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। অবশ্য প্রধান লক্ষ্য সংবাদপত্র হিসেবে প্রথম আলোকে আরও ভালো করা, আরও পাঠকপ্রিয় করে তোলা, জবাবদিহির মধ্য দিয়ে সুসাংবাদিকতা করা।সফল, তবে সন্তুষ্ট নইএকটি পত্রিকা তখনই সফল, যখন সেটা ব্যবসায়িকভাবে সফল হয়। ব্যবসায়িকভাবে সফল না হলে একটি পত্রিকার কোনো উদ্দেশ্যই সফল হয় না। পত্রিকার ব্যবসায়িক সাফল্যের বিষয়টি উল্লেখ করা এ কারণে যে ব্যবসায়িকভাবে অসফল হলে পত্রিকাকে হয় মালিক, নয় অসৎ ধনিক গোষ্ঠী, না-হয় সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। তখন তাদেরই ইচ্ছা পূরণ করতে সংবাদ ও সংবাদকর্মীরা বাধ্য হন। সংবাদপত্র তার স্বাধীনতা পুরোপুরি হারিয়ে ফেলে।এ ক্ষেত্রে সফল হলেও আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের যেতে হবে আরও অনেক দূর। কেননা বর্তমানে একটি সংবাদপত্রকে স্বাধীন ও বস্তুনিষ্ঠ হয়ে, পাঠকপ্রিয়তা অর্জন করে, ব্যবসায়িকভাবে সফল হয়ে, সমাজ, গণতন্ত্র ও আইনের শাসনের বিকাশ ঘটিয়ে, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে, সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণসহ সমাজ-প্রগতির লক্ষ্যে কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও মৌলবাদী চেতনা অপসারণে বলিষ্ঠ ভূমিকা পালন করে যেতে হয়।ভুল করি, সংশোধিত হইপ্রথম আলো বিশ্বাস করে, আমরা সবাই মিলে যদি বদলে যাই, তাহলে পুরো বাংলাদেশটা বদলে যাবে। আমরা যেমন বলেছি, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো’। এখন বলি, ‘বদলে যাও বদলে দাও’, সে জন্য নিজেকে বদলাতে হবে সবার আগে। তাহলে অন্যরা বদলাবে। সেটা সম্ভব হলেই কেবল সম্ভব সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। বদলে যাওয়াটা কেবল মানুষের পক্ষেই সম্ভব। অধিকার আদায়ে, ভাষার লড়াইয়ে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামে আমরা যদি জয়ী হতে পারি, তাহলে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে বদলে দেওয়ার ক্ষেত্রে কেন সফল হব না? অবশ্যই হব। ১৬ কোটি মানুষের প্রত্যেকে যদি একটি একটি করে ভালো কাজ করি, সমাজের অন্যায়-অবিচার দূর করতে সচেষ্ট হই, দেশটার আমূল বদলে যেতে কত দিন লাগবে?প্রথম আলো মনে করে, আমাদের ভুল হয়। আমরা ভুল থেকে শিক্ষা নিই, সংশোধিত হই। সত্যকে প্রগাঢ় ভালোবাসায় আলিঙ্গন করি।প্রথম আলোর এক যুগ পূর্তির শুভক্ষণে আমাদের আন্তরিক আবেদন—আসুন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও ভালোবাসি। বলি, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।নিজের সঙ্গে মিত্রতাআমাদের প্রত্যেককে সবার আগে নিজের মিত্র হতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে অন্যকে ভালোবাসতে পারে না। নিজের সঙ্গে যার মিত্রতা বেশি, সে-ই কেবল পারে সংসার-সমাজ-রাষ্ট্রে ভালোবাসার প্রাণপ্রবাহ ছড়িয়ে দিতে। প্রথম আলো সেই কাজটা করে আসছে এক যুগ ধরে, ভবিষ্যতেও আমরা সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চাই—স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি দৃঢ় প্রত্যয় ও প্রতীতি রেখে। প্রিয় পাঠক, আপনাদের সবার মঙ্গল হোক।