প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, মামলাজট নিরসন করা না গেলে একসময় বিচারব্যবস্থা ভেঙে পড়বে। আজ সোমবার সকালে তাঁর শেষ কর্মদিবসে আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে এক অনানুষ্ঠানিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, ‘আজ আমার শেষ কর্মদিবস। তবে আমৃত্যু বিচার বিভাগের সঙ্গে থাকব। ভালো কিছু শুনলে ভালো লাগবে। আর খারাপ কিছু শুনলে কষ্ট পাব। সব সময় ন্যায়বিচার ও বিচারপ্রার্থীদের কথা চিন্তা করেছি। নিজের সততা নিয়ে কাজ করার চেষ্টা করেছি।’ মামলাজট নিয়ে আইনমন্ত্রীর দেওয়া মন্তব্য যথার্থ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘একটি রুল জারি বা জামিন না দিলে কী হয়? আইনজীবী ও বিচারকদের এ জন্য এগিয়ে আসতে হবে।’ আজ সকালে ট্রুথ কমিশন-সংক্রান্ত মামলার আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির উদ্দেশে বক্তব্য দেন। আইনজীবী আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারক বেঁচে থাকবেন তাঁর দেওয়া রায়ের মাধ্যমে। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, ‘হাইকোর্ট ও আপিল বিভাগে থাকাকালে আপনি পঞ্চম সংশোধনী, স্বাধীনতার ঘোষক, ত্রয়োদশ সংশোধনীসহ গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। এ ছাড়া বাংলায় দেওয়া আপনার রায়গুলো স্মরণীয়। আপনি চলে গেলেও আপনার দেওয়া রায়ের কারণে বিচার বিভাগ আপনাকে মনে রাখবে।’