গোটা পৃথিবীতেই ফিলিপ কটলার পরিচিত ‘মার্কেটিং গুরু’ হিসেবে। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন ফিলিপ কটলার। বিপণন ও ব্র্যান্ডিং বিষয়ে নিয়েছেন একাধিক ক্লাস, যোগ দিয়েছেন কর্মশালায়। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়েও কথা বলেছেন তিনি। ব্যস্ততার ফাঁকে প্রথম আলোর লিখিত কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন নিজ হাতে লিখে। সাক্ষাৎকারটি নিয়েছেন রুহিনা তাসকিন কথা ছিল সকাল আটটায় সময় দেবেন। হলো না, নয়টায় শুরু হয়ে গেল তাঁর ‘মাস্টার ক্লাস’। ক্লাসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। বলা হলো এখনই প্রশ্ন তৈরি করে দিতে। চা-বিরতিতে সময় দেবেন ফিলিপ কটলার। তা-ও হলো না। জানলাম, দুপুরের খাবারের বিরতিতে হয়তো দেখা করতে পারেন। বিরতি শেষ। ঘর থেকেই বের হলেন না তিনি। তবে আশ্বস্ত করা হলো এই বলে, প্রশ্নগুলো দেখেছেন তিনি। ভাবছিলাম ফেসবুকে প্রোফাইল পিকচার করব ফিলিপ কটলারের সঙ্গে নিজের ছবি। সে আশার গুড়ে বালি পড়লেও একদম নিরাশ করেননি তিনি। চূড়ান্ত পেশাদারি মনোভাব দেখিয়ে ঢাকা ছাড়ার আগে নিজের হাতে লিখে দিয়েছেন উত্তর। পড়ুন সেই সাক্ষাৎকার।বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানে (বিজনেস স্কুল) ব্যবসায় শিক্ষা পড়ানো হয় তা বিশ্ব র্যাংকিংয়ে বেশ পিছিয়ে। কীভাবে এর উন্নতি করা যায়?ফিলিপ কটলার: বিশ্বের নামকরা কিছু বিজনেস স্কুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়। তাদের সঙ্গে শিক্ষার্থী বিনিময়ও করা উচিত।বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মূলত ব্যবসা প্রশাসন বিষয়টিই পড়ানো হয়। জনসংযোগ, ডিজিটাল বিপণন—এ ধরনের বৈচিত্র্যময় কোর্স এখানে নেই। এগুলো কীভাবে এখানে চালু করা যায়? ফিলিপ কটলার: প্রথমে দেখতে হবে কিছু বিশ্বসেরা বিজনেস স্কুলে বিপণন বিভাগে কী কী কোর্স পড়ানো হয়। যেমন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট বা পেন স্টেট (পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি)। সেই কোর্সগুলো এখানেও চালু করা যেতে পারে।নবীন চাকরিজীবীদের জন্য আপনার পরামর্শ কী?ফিলিপ কটলার: সারা জীবন শিক্ষা নিন। বিশ্ববিদ্যালয় শেষ হওয়া মানেই শিক্ষা শেষ হয়ে যাওয়া নয়।যাঁরা নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাঁরা কী করতে পারেন?ফিলিপ কটলার: ক্রেতা, বিপণনকারী ও বিনিয়োগকারীদের কাছে কীভাবে নিজের চিন্তা, ধারণা (আইডিয়া) তুলে ধরবেন তা শিখুন। এরপর তাঁদের প্রশ্ন আর ভাবনা থেকে শিক্ষা নিন। ব্যবসা বিষয়ে পড়াশোনা না করেও কি এ ক্ষেত্রে পেশা গড়া যায়? তাঁদের জন্য আপনার পরামর্শ কী?ফিলিপ কটলার: হ্যাঁ, আপনার মনের মতো একটি আইডিয়া খুঁঁজে বের করুন। এ নিয়ে কাজ করুন এবং অন্যদের দিয়ে তা যাচাই করে নিন।চাকরির বাজারে কীভাবে একজন তাঁর ব্র্যান্ডিং করতে পারেন?ফিলিপ কটলার: নিজের সেরা কাজটাই শুধু করে যান। আপনার কাজ প্রশংসিত হলে এমনিই আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে।আমাদের দেশের ব্যবসায় বিষয়ে স্নাতকদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান, তাঁদের জন্য কিছু বলুন।ফিলিপ কটলার: বিভিন্ন কলেজ সম্পর্কে প্রচুর তথ্য এখন পাওয়া যায়। কলেজের ভালো দিক, এসব জায়গার সংস্কৃতি সম্পর্কে যাচাই করারও সুযোগ থাকে। কোন কলেজটি আপনার জন্য মানানসই তা বের করুন এবং নিজেকে সেই কলেজের চাহিদা অনুযায়ী তৈরি করুন।বাংলাদেশে ব্যবসা নিয়ে পড়াশোনা করে কি আন্তর্জাতিক বাজারে চাকরি পাওয়া সম্ভব? বাংলাদেশি ডিগ্রিই কি এ জন্য যথেষ্ট?ফিলিপ কটলার: হ্যাঁ, এ জন্য কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দিন। সেখান থেকেই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে শিখতে পারবেন। করপোরেট জগতের শীর্ষস্থানে মেয়েদের সংখ্যা কম। তাঁদের জন্য আপনার পরামর্শ কী?ফিলিপ কটলার: মেয়েরা শিক্ষার্থী হিসেবে সেরা। তারা কারিগরি বিষয়গুলো দ্রুত শিখে ফেলতে পারে। আর এভাবেই ভালো চাকরি পেয়ে যায়। একসময় নিজের যোগ্যতা দিয়েই মেয়েরা করপোরেট সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসবে।বিপণন পেশায় যাঁরা আছেন (মার্কেটিয়ার), তাঁদের ভালো করার জন্য কী ধরনের যোগ্যতা লাগে? বলা হয়, তাঁদের স্মার্ট, সুদর্শন হওয়া চাই। আপনার কী মত?ফিলিপ কটলার: একজন মার্কেটিয়ারকে হতে হবে সৃজনশীল এবং বিশ্লেষক। অর্থাৎ মস্তিষ্কের ডান ও বাম দুই ভাগই জোরদার হতে হবে। অ্যাপল কম্পিউটারের স্টিভ জবস হতে পারেন সেরা মার্কেটিয়ারের উদাহরণ।ফিলিপ কটলারফিলিপ কটলার যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক বিপণন (ইন্টারন্যাশনাল মার্কেটিং) বিষয়ের এস সি জনসন অ্যান্ড সন ডিস্টিংগুইশড প্রফেসর। ১৯৩১ সালের ২৭ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে তাঁর জন্ম। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বিষয় ছিল অর্থনীতি।তাঁর লেখা মার্কেটিং ম্যানেজমেন্ট বইটি স্নাতক পর্যায়ের পাঠ্য হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। প্রায় ২৫টি ভাষায় তাঁর বই অনূদিত হয়েছে। কটলার মার্কেটিং গ্রুপ নামে তাঁর একটি পরামর্শক প্রতিষ্ঠান আছে। বিপণন ও বিক্রয় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া হয় এর মাধ্যমে। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় আছে মাইক্রোসফট, ডেল, আইবিএম, মটোরোলা, আমেরিকান এক্সপ্রেস, সিমেন্স, শেল কেমিক্যালস, ম্যাকডোনাল্ডস ইত্যাদি।