নিজেরা গোলাগুলি করে ধর্মঘট ডাকল ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি-মারামারির কারণে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, শাহবাগ থানার ওসিসহ অন্তত ৩০ জন আহত হন। আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ হয়ে যায়। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল নিজেরা মারামারি করার পর আজ মঙ্গলবার ও পরশু বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।শাহবাগ থানার পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সংঘর্ষের সময় ক্যাম্পাসে অন্তত ৫০টি গুলি বর্ষণ হয়। এ ছাড়া ক্যাম্পাসের মল চত্বর এলাকায় ২০টি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অর্ধশতাধিক বহিরাগত অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢোকে বলে সাধারণ ছাত্ররা জানান।প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের পদ পাওয়া নেতারা গতকাল সকাল সাতটার দিকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পদবঞ্চিতরা বাধা দেন। এর পরই সংঘর্ষ বাধে। দুপুর একটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পদবঞ্চিতদের হামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকু গুরুতর আহত হন। তাঁর মাথা ফেটে গেছে। তাঁকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলামও আহত হন। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সা নেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের মাথা ফেটে যায়। রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (টহল) আবদুল আহাদ, শাহবাগ থানার কনস্টেবল রহিম মণ্ডল, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলামও এ ঘটনায় আহত হন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গত এক বছরে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া ছিল না। কিন্তু বহিরাগতরাই প্রচুর অস্ত্র নিয়ে ক্যাম্পাসে এসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেউ এ ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো মূল্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই সংঘর্ষ ঘটলেও ঘটনার জন্য উপাচার্য ও ছাত্রলীগকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদলের মূল কমিটি। আজ মঙ্গলবার ও পরশু বৃহস্পতিবার ধর্মঘট পালন করবে ছাত্রদল।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার এক বিবৃতিতে এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, দেশ বিক্রির ষড়যন্ত্র থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দিতেই সরকারের পোষ্যরা ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালিয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে আলিম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। তবে ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের নেতা, কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজসেবা সম্পাদক আহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি একান্তই ছাত্রদলের। টুক ও আলিমের নেতৃত্বে বহিরাগতরা গতকাল অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে বঞ্চিত নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা বাধা দেয়। এতেই সংঘর্ষ বাধে।’ঢাকার রমনা অঞ্চল পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ছাত্রদলের দুই পক্ষের মধ্যেই এ সংঘর্ষ হয়েছে। একটি পক্ষ বহিরাগতদের নিয়ে এসেছিল। সংঘর্ষে পুলিশের তিন সদস্যও আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।রাত থেকেই প্রস্তুতি: ১ জানুয়ারি টুকু ও আলিমের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরই তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন পদবঞ্চিতরা। তাঁরা প্রতিদিনই নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। রোববার রাতে বঞ্চিতরা জানতে পারেন যে টুকু ও আলিম ক্যাম্পাসে আসবেন। তাই রাত থেকেই তাঁরা টুকু-আলিমকে প্রতিহত করার প্রস্তুতি নেন। ছাত্রদলের নেতা-কর্মীরা রাত জেগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথের আশপাশে ঘোরাঘুরি করেন।যেভাবে সংঘর্ষ শুরু: প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ছাত্রদলের মূল গ্রুপের শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। কিন্তু কেন্দ্রীয় মসজিদের সামনে আসতেই বিদ্রোহী কর্মীরা ধাওয়া দেন। এ সময় পদবঞ্চিতরা কয়েকটি গুলি ও চার থেকে পাঁচটি বোমা ফাটান। তখন মূল কমিটির কর্মীরা পাল্টা ধাওয়া করলে বিদ্রোহীরা পিছু হটে সূর্য সেন হলে আশ্রয় নেন। মূল কমিটির নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেন।ক্যাম্পাসে বহিরাগত: সকাল পৌনে ১০টার দিকে একটি সাদা গাড়িতে চড়ে ক্যাম্পাসে আসেন টুকু। তাঁর পেছনেই একটি মাইক্রোবাসে করে আসে আট থেকে ১০ জন বহিরাগত। তাঁদের হাতে অস্ত্র ছিল। এই বহিরাগতরা মধুর ক্যান্টিনে বসেই নাশতা করে। মধুর ক্যান্টিনের একজন কর্মচারী জানান, সশস্ত্র এই বহিরাগতদের তাঁরা আগে কখনো ক্যাম্পাসে দেখেননি। অনেকেই বলেছেন, বগুড়া থেকে তাদের আনা হয়েছে।সকাল সোয়া ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া টুকু-আলিমের সমর্থকেরাও মধুর ক্যান্টিনে জড়ো হন। এরপর তাঁরা একত্রে প্রশাসনিক ভবনের দিকে যেতে থাকেন। কিন্তু মল চত্বরে যাওয়ার পর সূর্য সেন হলের সামনে আগে থেকে অবস্থান নেওয়া বঞ্চিতরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। দু-একটি গুলিও ছোড়া হয়। জবাবে ছোড়া হয় পাল্টা গুলি। ফুটতে থাকে একের পর এক ককটেল। দুই পক্ষে শুরু হয়ে যায় সংঘর্ষ। এ সময় মল চত্বরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই মাটিতে শুয়ে পড়েন।ইটপাটকেল নিক্ষেপের পর উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে। রড, কিরিচ নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।টুকুর ওপর হামলা: দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান করছিলেন বঞ্চিতরা। এ সময় টুকু ও আলিমের ওপর হামলা হতে পারে—এমন খবর পেয়ে প্রক্টর সাইফুল ইসলাম ও অর্ধশত পুলিশ কলা ভবনের পেছনে গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু বিষয়টি দেখতে পেয়ে বঞ্চিতরা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে কলা ভবন ঘিরে ফেলেন। তবে পুলিশের মধ্যে থাকা টুকু ও তাঁর সহযোগী হিরোর ওপর হামলার জন্য চারপাশ থেকে জড়ো হওয়ার চেষ্টা করতে থাকেন বঞ্চিতরা। পুলিশ ও প্রক্টর টুকুকে কয়েক দফা সরানোর চেষ্টা করলেও মারের হাত থেকে রক্ষা করতে পারেননি। বঞ্চিতরা পুলিশের ওপর দিয়ে গিয়ে টুকুর মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করেন। তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এর পরও তাঁর ওপর হামলা চলে। এখানে পুলিশের সদস্যরাও হামলার শিকার হন।দুপুর সোয়া ১২টার দিকে টুকুকে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে ক্যাম্পাস থেকে বের করার চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে টুকুকে নিরাপদে সরিয়ে নেয়।ছাত্রলীগের মিছিল: টুকুকে ক্যাম্পাস থেকে বের করে নেওয়ার পর বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল থেকে ছাত্রলীগের নেতারা যেকোনো মূল্যে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন। এর পরপরই ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।সংঘর্ষ চলাকালে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সাঈদ মজুমদার ও সাধারণ সম্পাদক জিয়াউল হকের সমর্থকেরা বিদ্রোহীদের সমর্থন ও সাহায্য করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।এ বিষয়ে জানতে চাইলে সাঈদ মজুমদার বলেন, ‘আমরা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে জড়াইনি। কিন্তু পুলিশ কোন্দলের সময় সূর্য সেন হলের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করায় আমরা ছাত্রদলকে প্রতিহত করেছি।’ছাত্রদলের কর্মসূচি: সংঘর্ষের পর বেলা তিনটায় এ ঘটনার জন্য উপাচার্য ও ছাত্রলীগকে দায়ী করে ক্যাম্পাসে দুই দিনের ধর্মঘটের ডাক দেয় ছাত্রদলের মূল কমিটি। পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল ধর্মঘটের ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের আমিরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, তাঁদের কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই। পরিকল্পিতভাবে ছাত্রলীগই ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর এই হামলা চালায়। এদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেপ্তার না করলে লাগাতার ধর্মঘটের হুমকি দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতা আহসান উদ্দিন খান বলেন, টুকু ও আলিম বহিরাগত সশস্ত্র ক্যাডার এনে ক্যাম্পাসে অস্ত্রের প্রদর্শনী করেছেন, বোমাবাজি করেছেন। পুরো ঘটনার জন্য তাঁরাই দায়ী।প্রাধ্যক্ষ কমিটির সভা: সংঘর্ষের ঘটনার পর গতকাল বিকেলে উপাচার্য আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রাধ্যক্ষ কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার নিন্দা জানানো হয়। এতে আহত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে যাতে কোনো অছাত্র ঢুকতে ও অবস্থান করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। অছাত্রদের দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। এ জন্য প্রত্যেক ছাত্রকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়।ছাত্রদলের সভাপতিকে রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।