নিজেরাই গড়লেন সাঁকো
রাসেল আহমেদ পঞ্চম শ্রেণীর ছাত্র। বাড়ি খামারপাড়া গ্রামে। পড়ে পাশের মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৫ দিন আগেও সে অধিকাংশ দিনই যথাসময়ে শ্রেণীকক্ষে পৌঁছাতে পারত না। এখন আর সেই সমস্যা নেই। কারণ এখন বিদ্যালয়ে যাওয়ার পথে করতোয়া নদীতে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এত দিন নদীটির কারণে তাকে বহু দূর ঘুরে বিদ্যালয়ে আসতে হতো।বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রায়নগর ইউনিয়নের খামারপাড়া গ্রাম। ওপারে মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ী গ্রাম। মাঝখানে প্রবাহিত করতোয়া নদী। কিন্তু নদীটির ওপর সেতু না থাকায় এ দুই গ্রামসহ আরও ছয়টি গ্রামের প্রায় আট হাজার মানুষকে যাতায়াতে ভীষণ দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসী নদীটির ওপর একটি সেতু নির্মাণের জন্য বহুবার রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছে। আশ্বাসও পেয়েছে। কিন্তু সেতুটি আর হয়নি। শেষে কারও ভরসায় না থেকে এলাকাবাসী নিজেরাই নেমে পড়ে সাঁকো নির্মাণে। এরপর মাত্র এক সপ্তাহেই তাঁরা তৈরি করে ফেলে ৯০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি। মোকামতলা কলেজের ছাত্র রেজ্জাকুল হায়দার জানান, আগে পথের দূরত্ব কমাতে সে অনেক সময় বই-খাতার পাশাপাশি লুঙ্গি নিয়েও বাড়ি থেকে বের হতো। লুঙ্গি পরে নদী পার হয়ে আবার প্যান্ট পরে কলেজে পৌঁছাত। কিন্তু সাঁকো হওয়ার পর তাদের এই সমস্যা মিটে গেছে।এলাকাবাসী জানায়, সাঁকো নির্মাণে গ্রামবাসী একজোট হয়। আর এই অসাধ্য সাধন হয় যাঁর হাত ধরে, তিনি খুবই সাধারণ একজন মানুষ। নাম জাহিদুল ইসলাম। তিনি বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। তাঁর কথাতেই গ্রামের মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে সাঁকো নির্মাণে এগিয়ে আসে।জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রামবাসীকে বোঝানোর পর তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে গ্রামবাসীর চিরস্থায়ী দুর্ভোগ লাঘবের চেষ্টা করেছি মাত্র।’১৩ আগস্ট স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকোটি আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ফিরোজ আহম্মেদ। বক্তব্য দেন মোরশেদ আলী, জাহিদুল ইসলাম, নুরু আলম, পলাশ মিয়া, মজিবর রহমান, নান্নু মিয়া, জিল্লুর রহমান, ফারুক হোসন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ওই এলাকার জনগণ যা করেছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য চেষ্টা করা হবে।