নিজেরাই সমাবেশ পণ্ড করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গত বুধবার নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ নিজেরাই পণ্ড করে পরের দিন হরতাল ডেকেছে বিএনপি। সেদিনের হরতালে জনগণ সাড়া দেয়নি বলে মন্তব্য করেন তিনি। জনজীবনে এর তেমন প্রভাবও পড়েনি বলে জানান মন্ত্রী।আজ শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলন ২০১৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জামায়াত-শিবির একটি রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে এ ধরনের হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবিরের এ ধরনের হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জামায়াত-শিবির সম্প্রতি যে ধরনের হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়িঘর, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তা গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা নয়। তিনি বলেন, জামায়াত-শিবির সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দুরভিসন্ধি কখনো সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশ যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বলয়ের কারণে সমাবেশে অংশগ্রহণ করতে যাতে কাউকে বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকেও লক্ষ রাখা হয়েছে।