কিছু পণ্যের দর স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দরই এখন কমতির দিকে। জিনিসপত্রের দাম কিছুটা কমে আসাকে স্বস্তিদায়ক বলেই মনে করছেন ভোক্তারা।কারওয়ান বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা জিনিয়া রহমান প্রথম আলোকে জানান, দুই দিন ধরে জিনিসপত্রের দাম একটু কমতির দিকে। এ প্রবণতা বজায় থাকাটা খুব দরকার।হাতিরপুল বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিব বলেন, গত কয়েক মাসে জিনিসপত্রের দাম যা বেড়েছে, সে তুলনায় খুব একটা কমছে না। বাজারে এখনো জিনিসপত্রের যে দাম রয়েছে, তা বেশিই। তিনি বলেন, মূল্যস্ফীতিকে সহনশীল অবস্থায় দেখতে হলে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ২০ শতাংশ কমা উচিত।রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, চালের বাজার অন্তত এক সপ্তাহের তুলনায় স্থিতিশীল পর্যায়ে রয়েছে। নাজিরশাইল বা মিনিকেট এবং স্বর্ণা বা ইরি চালের দর স্থিতিশীল রয়েছে, অর্থাত্ আগের তুলনায় বাড়েনি। আর সাধারণ মানের পাইজাম চালের দাম বরং কেজিতে এক টাকা কমেছে। আগের সপ্তাহে ৩৩ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও গতকাল রোববার এই চাল কেনাবেচা হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা দরে।বাজারগুলোতে উন্নত মানের নাজিরশাইল চাল ৪০ থেকে ৪৫ টাকা আর সাধারণ মানের ৩৫ থেকে ৪০ টাকা দরে কেনাবেচা হয়েছে। উন্নত মানের পাইজাম ৩৫ থেকে ৩৭ টাকা এবং মোটা চাল ২৬ থেকে ২৮ টাকা।স্থিতিশীল থাকা অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ডিম, আলু, ভোজ্যতেল, আটা, বড় ও মাঝারি দানার মসুর ডাল, আমদানি করা পেঁয়াজ এবং ব্রয়লার মুরগি। ব্যতিক্রম শুধু দেশি মুরগি। এক সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।তবে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক যে দেশি মসুর ডালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা কমেছে। আগের সপ্তাহে এ ডাল বেচাকেনা হয়েছে ১০০ থেকে ১০৪ টাকা। আর গতকালের দর ছিল ৯৫ থেকে ১০০ টাকা। নেপালি মসুর ডালের দামও কমেছে দুই থেকে তিন টাকা। আগে ছিল ১০৫ থেকে ১১০ টাকা। আর গতকালের দর ছিল ১০২ থেকে ১০৮ টাকা।বাজার ঘুরে আরও দেখা যায়, দেশি পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কমেছে। ২২ থেকে ৩০ টাকা ছিল, তা হয়েছে ২০ থেকে ২৮ টাকা। চিনির দামও কমেছে এক থেকে দুই টাকা। আগের সপ্তাহের ৫২ থেকে ৫৫ টাকা দরের চিনি গতকাল বেচাকেনা হয়েছে ৫০ থেকে ৫৪ টাকা দরে।কারওয়ান বাজারের মায়ের দোয়া জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মো. শাহ আলম জানান, জিনিসপত্রের দাম কমলে তাঁদেরই ভালো লাগে। তখন কম পুঁজিতে ব্যবসা করা যায়।যোগাযোগ করলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে জানান, সংস্থাটিকে শক্তিশালী ও কার্যকরের চেষ্টা চলছে। বাজার সহনশীল পর্যায়ে রাখার উদ্দেশ্যে কয়েক দিনের মধ্যেই ভোজ্যতেল ও মসুর ডাল বাজারে ছাড়া হবে। পরে আরও কয়েকটি পণ্য আমদানি করা হবে।