দ্রব্যমূল্য বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরাই দায়ী বলে মনে করে দ্রব্যমূল্য তদারকসংক্রান্ত আন্ত-মন্ত্রণালয় কমিটি। কমিটি যাচাই করে বলেছে, পাইকারি বাজারে কোনো পণ্যের দর ৫ শতাংশ বাড়লে, খুচরা ব্যবসায়ীরা তা বাড়িয়ে দেয় ২০ শতাংশ। এর প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের ওপর। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য তদারকসংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। কমিটির আহ্বায়ক বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিএসটিআই, এফবিসিসিআই ও টিসিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জানা গেছে, রমজান মাসে চিনি ও ডালের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) আমদানির সুপারিশ করা হয়েছে বৈঠকে। এ ছাড়া ১৯৫৩ সালের পুরোনো ‘মজুদবিরোধী আইন’ যুগোপযোগী করারও সুপারিশ করা হয়েছে। বৈঠকে বলা হয়, কয়েক দিন ধরে বাজারে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই কমেছে। বেড়েছে শুধু ভোজ্যতেল ও হলুদের দাম। হলুদের দাম স্থিতিশীল রাখতে শিগগিরই শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হবে। বৈঠকে পাইকারি ও খুচরা বাজারের জিনিসপত্রের দামের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করে বলা হয়, পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে তার খুব একটা প্রভাব নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।প্রতিবছরই রমজান মাসে চিনি ও ডালের চাহিদা বেড়ে যায়। এ বিষয়টি বিবেচনায় রেখে টিসিবির মাধ্যমে ব্রাজিল থেকে চিনি ও অন্য দেশ থেকে ডাল আমদানির সুপারিশ করা হয় বৈঠকে। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের চাল, ডাল, চিনি ও পেঁয়াজ-রসুনের দাম কিছু কমেছে। আলু, আটা, ভোজ্যতেলসহ শাকসবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে চিনি রপ্তানি বন্ধ করার ঘোষণায় চিনির দাম অনেক কমেছে। খুচরা বাজারে চিনির দাম কেজিতে পাঁচ-ছয় টাকা পর্যন্ত কমেছে। চালের মধ্যে মিনিকেট, নাজিরশাইল ও পাইজামের দাম কেজিতে গড়ে দুই টাকা কমেছে। চাল ব্যবসায়ীরা জানান, পোলাওর চালের দামও ৮ থেকে ১০ টাকা কমেছে। মোটা চাল প্রতি কেজির দর প্রকারভেদে ২৫ থেকে ২৬ টাকা, মাঝারিমানের নাজিরশাইল বা মিনিকেটের দাম ৩৮ থেকে ৪০ টাকা। উন্নতমানের নাজির-মিনিকেট কিনতে হলে ক্রেতাকে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। পাইজামের কেজি ৩২ থেকে ৩৫ টাকা, আর মিনিকেট ৪২ থেকে ৪৪ টাকা ও কালিজিরা ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে দুই টাকা, রসুনের দর কমেছে পাঁচ টাকা। আটার দাম না কমলেও মশুর ডালের দাম কিছুটা কমতির দিকে। নেপাল থেকে আমদানি করা ডালের দর কেজিতে দুই থেকে চার টাকা কমে ১০২ টাকা থেকে ১০৪ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মশুরের ডাল ১০০ টাকা, তুরস্কের মশুরের ডাল (বড় দানা) ৭৫ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটার দাম ২১ থেকে ২২ টাকা এবং প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪ টাকায়। গত সপ্তাহে মানভেদে চিনি বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫২ টাকা দরে, গতকালের দর ছিল ৪৭ থেকে ৪৮ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায়, আর দেশি পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা। এক সপ্তাহ আগেও ভারতীয় পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা ও দেশি পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে। দেশি রসুন মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা আর চীনের রসুন মানভেদে ১০০ টাকা থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আদার দর ৭০ টাকা ও চীনের আদা ১০৫ টাকা। খুচরা বাজারে আলুর দর বর্তমানে প্রতি কেজি ১০ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি কেজি ৮০-৮২ টাকা, সুপার পাম ৬৮ টাকা ও সাধারণ পাম তেল ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে।কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী মো. মাঈনউদ্দিন মানিক জানান, পাইকারি বাজারে চালের দর যে হারে কমেছে, খুচরা বাজারে সেভাবে কমেনি। তবে আগামী এক মাসের মধ্যে বাজারে নতুন চাল চলে এলে তখন দর আরও কমবে। ফলে কোনো ব্যবসায়ী নতুন করে চাল আড়তে তুলছেন না। বরং পুরোনো মজুদ ছেড়ে দিচ্ছেন। ফলে মিলের মালিকেরা দাম কমালেও খুচরা বাজারে খুব বেশি প্রভাব পড়েনি।