ঈদের পর অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। তবে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম। ক্রেতার সংখ্যাও অপেক্ষাকৃত কম। ব্যবসায়ীরা বলছেন, বাজার স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে।ঈদের আগের তুলনায় সব ধরনের চাল, আটা, ভোজ্যতেল, মাছ, চিনি, মুরগির মাংস, পেঁয়াজ, আলু ও ডিমের দাম বেড়েছে। বাড়েনি ডাল আর সবজির দাম। অ্যানথ্রাক্স-আতঙ্কে গরুর মাংসের বিক্রিও কমে গেছে অনেক। এ জন্য মুরগির মাংসের বাড়তি চাহিদা তৈরি হয়ে মুরগির মাংসের দাম অনেক বেড়ে গেছে। তবে গরুর মাংসের দাম কমেনি।বেড়েছে সব ধরনের চালের দাম: মোহাম্মদপুর কৃষি মার্কেটের সিফাত রাইস এজেন্সির বিক্রেতা মকবুল আহমেদ জানিয়েছেন, গত কয়েক দিনে সব ধরনের চালের দাম মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে তিনি জানান, ‘ওনারা (আড়তদার) বলেন, ধানের দাম বেশি।’পুরান ঢাকার বাবুবাজারের চাল ব্যবসায়ী তাসলিমা রাইস এজেন্সির মালিক আবদুর রহিম জানান, ঈদের আগের তুলনায় মিনিকেট চাল প্রতিমণ ৫০ টাকা, হাসকি নাজির (বিআর-২৯) ১০০ টাকা বেড়েছে। তিনি জানান, মিল থেকে চাহিদামতো চাল সরবরাহ করছে না। মিলারদের দাবি, বাজারে ধানের দাম বেশি।খুচরা পর্যায়ে গতকাল সিফাত রাইস এজেন্সিতে নাজিরশাইল চাল মানভেদে ৪২ থেকে ৫০ টাকা, মিনিকেট ৪০ থেকে ৪২ টাকা, স্বর্ণা ৩৬ থেকে ৩৮ টাকা, বিআর-২৮ ৩৫ থেকে ৩৮ টাকা, বিআর-২৯ ৩৫ থেকে ৩৬ টাকা এবং ইরি ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।ভোজ্যতেল: ঈদের আগে খোলা সয়াবিন তেলের পাইকারি দাম ছিল কেজিপ্রতি ৭৯ টাকা। বর্তমানে তা বেড়ে ৮৩ টাকা হয়েছে। একইভাবে ৭৬.৯০ টাকার সুপারপাম ৮০.৩৯ টাকা, ৭৬.৩৬ টাকার পামতেল ৭৯.০৫ টাকায় বিক্রি হচ্ছে।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রথম আলোকে বলেন, ঈদের পর মিল থেকে সরবরাহ বন্ধ আছে। এ কারণে দাম বাড়ছে। খুচরা পর্যায়ে গতকাল মোহাম্মদপুর হাউজিং কাঁচাবাজারের মুন্সিগঞ্জ জেনারেল স্টোরে পাম সুপার তেল কেজিপ্রতি ৮৬ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। একই বাজারের অন্য কয়েকটি দোকানে সয়াবিন তেলের দাম ছিল ৯০ থেকে ৯২ টাকা।মুন্সিগঞ্জ জেনারেল স্টোরে গতকাল এক লিটারের রূপচাঁদা সয়াবিন তেলের বোতল ৯৫ টাকায়, দুই লিটারের বোতল ১৮৪ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। তীর সয়াবিন তেলের বোতলের দাম ছিল যথাক্রমে ৯০ টাকা, ১৭২ টাকা ও ৪২০ টাকা। দোকানটির বিক্রেতা বোরহানউদ্দিন জানান, বোতলজাত এসব সয়াবিন তেলের দাম বাড়বে বলে পরিবেশকেরা বলে গেছেন। তিনি বলেন, ‘লিটারে পাঁচ টাকা বাড়ছে। রূপচাঁদা জানাইছে কাল (বুধবার), আইজ (বৃহস্পতিবার) জানাইছে তীর আর ফ্রেশ।’চিনি: ঈদের আগে পাইকারি বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৪৯.২০ টাকায়। বর্তমানে তা ৫১.১৮ টাকায় বিক্রি হচ্ছে। মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী বশির উদ্দিন জানান, মিল থেকে চিনি সরবরাহ বন্ধ আছে। অধিকাংশ মিল মালিক উৎপাদনের চেয়ে বেশি পরিমাণে সরবরাহ আদেশ বিক্রি করেছেন। খুচরা পর্যায়ে চিনি ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে।আলু-পেঁয়াজের দামও বেড়েছে: মোহাম্মদপুর কৃষিবাজারের বিক্রেতা আলমগীর হোসেন গতকাল দেশি পেঁয়াজ বিক্রি করেছেন ২৮ টাকা কেজি দরে। তাঁর দোকানে ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২৫ টাকা। আলুর দাম ১৫ টাকা।আলমগীর বলেন, ‘ঈদের আগে দেশি পেঁয়াজ ২৫-২৬, ভারতীয় পেঁয়াজ ২২ টাকা ছিল। আলু ছিল ১৩-১৪ টাকা।’ কেন দাম বাড়ল জানতে চাইলে তিনি বলেন, ‘বলতে পারুম না, মাল বেশি আসে না।’মাছের সরবরাহ কম, মুরগির দাম বেশি: নগরের বিভিন্ন বাজারে মাছের সরবরাহ কম দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, আড়তগুলোতে এখন খুব একটা মাছ আসে না। বাজারে ক্রেতাও কম। ফলে খুব একটা সমস্যা হচ্ছে না।মাংসের বাজারে গরুর মাংসের কদর কমেছে বেশ কিছুদিন হলো। অ্যানথ্রাক্স আতঙ্কে গরুর মাংস কেনা ছেড়ে দিয়েছেন অনেকে। অনেক দোকানে গিয়ে গরুর মাংস পাওয়া যায়নি বা থাকলেও সেটা পরিমাণে কম। এই অবস্থায় চাহিদা বেড়েছে মুরগির মাংসের।মুরগির মাংসের দামও বেড়েছে অনেক। এক মাস আগেও ব্রয়লার মুরগি যেখানে কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো, সেখানে গতকাল বিভিন্ন বাজারে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।