আমদানি করা রসুনের তুলনায় দেশি রসুনের দাম অর্ধেকেরও কম। গতকাল রোববার ছয়টি বিভাগীয় শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি রসুন ৪০ থেকে ৫০ টাকা এবং আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আমদানি করা রসুনই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, দেশি রসুনের কোষ ছোট, কাটতে সময় লাগে বেশি। এসব বাজার ঘুরে জানা গেল, সপ্তাহ দুয়েক আগে যে দেশি রসুন ২৭-২৮ টাকা ছিল, গতকাল তা বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। রমজান মাস সামনে রেখে প্রায় সব পণ্যের দামই এভাবে বাড়ছে। রাজশাহীর সাহেব বাজারে গতকাল সকালে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকায়। বিকেলে ওই বাজারেই কাঁচা মরিচ বিক্রি হয় ১০০ টাকায়।রমজান মাস সামনে রেখে কয়েকটি পণ্যের ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের ১০ শতাংশের বেশি মুনাফা না করতে বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছিল। ছয় বিভাগীয় শহরের বাজারগুলোতে গিয়ে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বেশির ভাগ ব্যবসায়ী বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। এসব দোকানে কোনো মূল্য তালিকাও দেখা যায়নি, যা রাখা বাধ্যতামূলক।এসব শহরে পাইকারি ও খুচরায় পণ্যের দামে বড় রকমের পার্থক্যও দেখা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যায় বলে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।একাধিক ক্রেতা অভিযোগ করেছেন, ব্যবসায়ীরা সরকার-নির্ধারিত মুনাফা করছেন কি না, তা তদারকির ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারের তেমন কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়েনি।