নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। শীত শেষ হয়ে যাওয়ার সুযোগ নিয়ে সবজির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে শীতের স্বস্তি উধাও হয়ে যাচ্ছে। অথচ বাজারে সবজির সরবরাহ এখনো যথেষ্ট। তবে চালের বাজার এখনো স্থিতিশীল। এমনিতেই আয়ের সঙ্গে মিলিয়ে চলতে পারছে না সীমিত আয়ের মানুষ। তার ওপর পামতেল, আটা, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন ও মসুর ডালের দাম নতুন করে বেড়েছে। ভোজ্যতেল: ভোজ্যতেল বিক্রি হওয়ার কথা লিটারে। কিন্তু ব্যবসায়ীরা কেউই তা মানছেন না। গতকাল শনিবার কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন ও পামতেল বিক্রি হচ্ছে কেজিতে। ঠকানোর কৌশল হিসেবে ব্যবসায়ীরা এখনো কেজির মাপ চালু রেখেছে বলে অফিস শেষে বাজার করতে আসা ফেরদৌসী বেগম প্রথম আলোকে জানান। এক সপ্তাহের ব্যবধানে পামতেলের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। এক সপ্তাহ আগে ছিল ৯৫ থেকে ৯৬ টাকা, গতকালের দর ৯৬ থেকে ১০০ টাকা। আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৪ এবং মোড়কজাত সয়াবিন ১২৫ থেকে ১৩০ টাকায়। অথচ বাংলাদেশ ট্যারিফ কমিশন সব পক্ষের সঙ্গে আলোচনা ও গবেষণা করে গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ১০৯ টাকা লিটারের বেশি না নেওয়ার সুপারিশ ছিল। ব্যবসায়ীরা পামতেলের দামও বাড়িয়ে দিয়েছেন। গতকাল পাইকারি বাজারে পামতেলের দাম মণপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ভোজ্যতেলের বাজার মূলত মিলমালিকদের হাতে জিম্মি। ডিও প্রথা না থাকায় সবই নিয়ন্ত্রণ করছেন তাঁরা। শীতে পামতেল জমে যাওয়ায় চাহিদা থাকে না। কিন্তু গরমে চাহিদা বেড়ে যাওয়ায় এখন দাম বাড়ছে।মসুর ডাল: বাজারে চার ধরনের মসুর ডাল বিক্রি হয়। কানাডা/তুরস্ক বড় ও মাঝারি দানার দরে কোনো হেরফের হয়নি। কিন্তু তুলনামূলক ভালো মানের দেশি ও নেপালি ডালের দর বেড়ে গেছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা করে। নেপালি ডালের গতকালের বাজারদর ছিল ৮৮ থেকে ৯৫ টাকা। এক সপ্তাহ আগে তা ছিল ৮৫ থেকে ৯০ টাকা। দেশি ডাল ৮০ থেকে ৮৫ টাকার স্থলে এখন বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকা দরে। পেঁয়াজ: দেশি ও আমদানি করা দুই ধরনের পেঁয়াজ বিক্রি হয় বাজারে। এর মধ্যে আমদানি করা পেঁয়াজের দাম বেশি। খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের দর ছিল ১৮ থেকে ২০ টাকা কেজি, বেড়ে হয়েছে ২২ থেকে ২৪ টাকা। তবে বেশি বেড়েছে দেশি পেঁয়াজের দর। এক মাসের ব্যবধানে ১২ থেকে ১৫ টাকার পেঁয়াজ বেড়ে হয়েছে ২০ থেকে ২২ টাকা। রাজধানীর শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, নতুন পেঁয়াজ উঠলেও দাম কম থাকায় কৃষক এত দিন পেঁয়াজ ধরে রেখেছেন। এতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দাম একটু বেড়েছে।ব্রয়লার মুরগি: গত কয়েক দিনে সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। অথচ এক মাস আগেও তা ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। গত বৃহস্পতিবার অবশ্য মুরগির কেজি ১৬০ টাকা পর্যন্ত উঠেছিল। কারওয়ান বাজারের দোকানদারেরা জানান, সরবরাহ বাড়ায় গতকাল কেজিতে পাঁচ টাকা কমেছে। আটা: কোনো কারণ ছাড়াই বেড়ে গেছে আটার দাম। খোলা আটা বাজারে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে। আর মোড়কজাত আটার দাম ৩৫ থেকে ৩৮ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে আটা বেড়েছে তিন থেকে চার টাকা পর্যন্ত।সবজি: শীতের পুরো মৌসুমে বাজারে সব ধরনের সবজি ছিল সহনীয় পর্যায়ে। প্রায় সব সবজিরই দাম ছিল কেজিতে ২০ থেকে ৩৫ টাকার মধ্যে। সেসব সবজির গড় দাম এখন ৪০ টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে করলার দাম। কারওয়ান বাজারে গতকাল করলা বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। যে ফুলকপি ছিল ১০ থেকে ১৫ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।