আটটি পণ্যের চাহিদা বাড়ছে প্রতিবছরই। আমদানিও বেড়েছে। কিন্তু বাজারে কমেছে প্রতিযোগিতা
নিত্যপণ্যের বাজার ৫ শিল্প গ্রুপের নিয়ন্ত্রণে
দেশের ভোগ্যপণ্যের বাজার পাঁচ বড় ব্যবসায়ী গ্রুপের হাতে চলে গেছে। তারাই সবচেয়ে বেশি পণ্য আমদানি এবং বাজার নিয়ন্ত্রণ করে। তাই বাজারে প্রতিযোগিতাও কমে গেছে।চাল ছাড়া প্রায় সব পণ্যই আমদানিনির্ভর। সবচেয়ে বেশি আমদানি হয় ভোজ্যতেল, চিনি, ডাল ও গম। এ ছাড়া রোজার মাসের জন্য উল্লেখযোগ্য পরিমাণে ছোলা ও খেজুর আমদানি করা হয়। এর বাইরে আনতে হয় পেঁয়াজ। এসব পণ্য সবচেয়ে বেশি আমদানি করছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ, এস আলম গ্রুপ, নূরজাহান গ্রুপ প্রভৃতি। আগে আরও বেশি ব্যবসায়ী ও শিল্প গ্রুপ এসব পণ্য আমদানি করত। কিন্তু ধীরে ধীরে তারা ভোগ্যপণ্য আমদানি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। এর মধ্যে পিএইচপি, কেডিএস, আবুল খায়ের গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানও রয়েছে। এ ছাড়া চট্টগ্রামের মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) একসময় ভোগ্যপণ্য আমদানিতে শীর্ষ পর্যায়ের অবস্থানে ছিল। গত দেড়-দুই বছরে তারাও আমদানি কমিয়ে দিয়েছে। এ কারণে ভোগ্যপণ্যের বাজার বড় পাঁচটি গ্রুপের হাতে চলে গেছে। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘অনেকে ভোগ্যপণ্যে এখন আর বিনিয়োগ করছে না, তবে আমরা এখনো ধরে রেখেছি।’ প্রতিযোগিতার অভাবে ভোগ্যপণ্যের অস্থিরতা বাড়া নিয়ে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এটি হয়েছিল। আমরা সব সময় ভোগ্যপণ্যের স্বাভাবিক সরবরাহের জন্য নিয়মিত আমদানি করছি। তবে কয়েক মাস ব্যাংকে তহবিলের অভাবেও আমদানি হোঁচট খেয়েছে। কেউ ইচ্ছা করে কিছু করেনি। এখন চিনি ও ভোজ্যতেলের আমদানি বাড়ছে।’জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে দেখা গেছে, ভোজ্যতেল, চিনি, চাল, ডাল, গম, গুঁড়োদুধ, রসুন ও আদা—এই আটটি পণ্যের আমদানি প্রতিবছরই বাড়ছে। বাড়ছে মোট আমদানিমূল্যও। ২০১০-১১ অর্থবছরের হিসাবে দেখা যায়, এই আট ধরনের পণ্য আমদানি হয়েছিল প্রায় ৮৪ লাখ ১৭ হাজার টন। আর আমদানিতে ব্যয় হয়েছে ৩২ হাজার ৮৪৭ কোটি টাকা। এর মধ্যে ১৫ হাজার ৫৪ কোটি টাকায় প্রায় সাড়ে ২৬ লাখ টন তেল ও চিনি আনা হয়েছে। ওই পাঁচটি শিল্প গ্রুপই আমদানি করে ১১ হাজার ৭৯৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ চাল-ভোজ্যতেল। একই অবস্থা গমের ক্ষেত্রেও। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ভোজ্যতেল ও চিনির মোট চাহিদার গড়ে প্রায় ৭৩ শতাংশই আমদানি করেছে এই পাঁচটি গ্রুপ। এর মধ্যে ভোজ্যতেলের নিয়ন্ত্রণ ছিল নূরজাহান, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপের। আর সিটি, মেঘনা ও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চিনির বাজার। অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম এ বিষয়ে বলেন, মুষ্টিমেয় ব্যবসায়ী গ্রুপের হাতে ভোগ্যপণ্যের বাজারের নিয়ন্ত্রণ চলে যাওয়া ভালো লক্ষণ নয়। এ ক্ষেত্রে বাজারে হঠাৎ করেই দাম বাড়ানোর সুযোগ থাকে। তিনি বলেন, বাজারে যাতে সুষ্ঠু প্রতিযোগিতা হয়, সে জন্য দেড় বছর আগে ‘ফেয়ার কম্পিটিশন অ্যাক্ট’ খসড়া তৈরি করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের চাপে বাণিজ্য মন্ত্রণালয় এই আইন চূড়ান্ত করতে উদ্যোগ নিচ্ছে না। ভোগ্যপণ্য আমদানি থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান প্রথম আলোকে বলেন, ভোগ্যপণ্য আমদানি করলে অনেক ঝামেলায় পড়তে হয়। আমদানিমূল্যের চেয়ে কম দামে বিক্রির জন্য সরকারি বিভিন্ন সংস্থা চাপাচাপি করে। এ কারণে আমরা এখন আর কোনো ভোগ্যপণ্য আনছি না।পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, আমাদের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়ে গেছে। এগুলোতেই আমাদের বিনিয়োগ করতে হচ্ছে বেশি। ফলে পণ্য আমদানিতে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকজন ব্যবসায়ীর হাতে ভোগ্যপণ্যের বাজার চলে যাওয়া ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডায়ালগ (সিপিডি) সরকারের অনুরোধে একটি গবেষণা পরিচালনা করেছিল। সেই গবেষণায় বলা ছিল, দেশে চিনি আমদানিকারক ১০৭ ব্যবসায়ীর মধ্যে মাত্র পাঁচজন আমদানি করেন ৪৬ দশমিক ৪৭ শতাংশ। আবার অপরিশোধিত চিনি আমদানিকারক ১৩ জনের মধ্যে পাঁচজনই আনেন ৯৫ দশমিক ৯৬ শতাংশ। সয়াবিন তেলের আমদানিকারক মাত্র ১২ জন। তাঁদের মধ্যে পাঁচজন আমদানি করেন ৬৭ দশমিক ২৬ শতাংশ। আর ২২ পাম তেল আমদানিকারকের মধ্যে ৬০ দশমিক ১২ শতাংশ আমদানি করেন পাঁচ ব্যবসায়ী।এ ছাড়া পেঁয়াজ আমদানিকারক ১৫৬ জন, আর পাঁচজনই আনতেন ৩১ দশমিক ৩৩ শতাংশ। ডালের আমদানিকারক ১২৩ জন এবং এঁদের মধ্যে পাঁচজনের আমদানি ছিল ৩০ দশমিক ৫৫ শতাংশ। চাল ও গমের আমদানিকারক যথাক্রমে ৯৮ ও ৪৫ জন ব্যবসায়ী। তাঁদের মধ্যে পাঁচ ব্যবসায়ী আমদানি করতেন যথাক্রমে ৩৭ দশমিক ২৬ এবং ৪৮ দশমিক ৭৫ শতাংশ চাল ও গম। চিনি: এনবিআরের তথ্য অনুযায়ী, সারা দেশে চিনির চাহিদার প্রায় ৯১ শতাংশ পূরণ করছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এস আলম গ্রুপ। গত অর্থবছর মোট ১৩ লাখ ৩৭ হাজার ২০৪ টন পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি হয়। এর মধ্যে ওষুধ ও খাদ্যপণ্যের কারখানার কাঁচামাল হিসেবে আমদানি ছিল মাত্র আট হাজার ২১১ মেট্রিক টন। অর্থাৎ ১৩ লাখ ২৮ হাজার ৯৯৫ টন ভোগ্যপণ্য হিসেবে আনা হয়। এর মধ্যে এই তিন শিল্প গ্রুপ এনেছে প্রায় পৌনে ১১ লাখ। তিন বছর আগেও ব্যাপকহারে পরিশোধিত চিনি আমদানি হতো। চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, ঢাকার মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, খুলনা ও যশোরের অনেক ছোট-বড় ব্যবসায়ী চিনি আমদানি করতেন। টিকে থাকতে না পেরে এসব ব্যবসায়ী এখন আর চিনি আমদানি করছেন না। পরিশোধিত চিনি আমদানি হ্রাস এবং দেশের পরিশোধন কারখানাগুলো উৎ পাদন কমিয়ে দেওয়ার কারণে বাজারে চিনির সরবরাহ-সংকট দেখা দেয়। এ কারণে দুই সপ্তাহ আগে বাজারে চিনির অস্বাভাবিক সংকট তৈরি হয়। ভোজ্যতেল: এনবিআরের হিসাবে গত অর্থবছর নয় হাজার ৪৭৩ কোটি টাকার ১৩ লাখ ৩১ হাজার ৮৩০ টন ভোজ্যতেল আমদানি হয়। এর মধ্যে সাবান ও খাদ্যপণ্য তৈরির কাঁচামাল বাদ দিলে ভোজ্যতেল বাজারজাত হয় প্রায় ১৩ লাখ ১৬ হাজার টন। মোট ১২টি প্রতিষ্ঠান এসব ভোজ্যতেল আমদানি করে। তবে নূরজাহান গ্রুপ, এস আলম গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ এবং সিটি গ্রুপ এই ভোজ্যতেলের ৭৭ দশমিক ২২ শতাংশ আমদানি করে। এর মধ্যে নূরজাহান গ্রুপই করেছে মোট আমদানির সাড়ে ২৩ শতাংশ। নূরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমেদ বলেন, ‘আমদানি বেশি করছি। লোকসানও বেশি দিচ্ছি।’ ছোলা ও খেজুর: গত অর্থবছর দেশে ছোলা আমদানি করেছে ১০১টি প্রতিষ্ঠান। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানই আমদানি করে প্রায় ৪৭ শতাংশ অর্থাৎ ৬০ হাজার টন ছোলা। বাকি ৯৩টি প্রতিষ্ঠান এনেছে ৫৩ শতাংশ বা ৬৮ হাজার টন। বিশ্ববাজারে ভালো মানের ছোলা সহজলভ্য না থাকায় এবার রোজার আগে ছোলার সরবরাহ কমে যায়। এ কারণে এখনো আমদানিমূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি দরে ছোলা বিক্রি হচ্ছে।এ বিষয়ে ইয়াছির এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহের হোসেন প্রথম আলোকে বলেন, অস্ট্রেলিয়ার সাধারণমানের ছোলা পাইকারি বাজারে আমরা বিক্রি করছি ৫৩ টাকায়। এই ছোলা খুচরা বাজারে ৬৮-৭০ টাকায় বিক্রি হলে আমরা দায় নেব কেন। গত অর্থবছর খেজুর আমদানি করেছে ৫৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের হাতে ৫৩ শতাংশ বাজার।