নিত্যপণ্যের বাজারে তদারক কার্যক্রম আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে কয়েকটি পণ্যের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার আজ মঙ্গলবার থেকে তদারক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হবে। তাৎক্ষণিক ভিত্তিতে দেওয়া হবে আইনি শাস্তি এবং ক্ষেত্র বিশেষে মামলাও করা হবে।বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ছয়টি দল রমজান মাসজুড়ে নিয়মিত ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির পাশাপাশি প্রতিটি দলে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত বাণিজ্যসচিব এম মর্তুজা রেজা চৌধুরী, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।৫ আগস্ট তিন ধরনের ভোজ্যতেলের খুচরা পর্যায়ের দর নির্ধারণ করে দিয়েছে সরকার। সে অনুয়ায়ী প্রতি কেজি সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা এবং পামতেল ৭৩ টাকা। এর আগে চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা।সূত্র জানায়, তদারক দলগুলো প্রধানত এই চারটি পণ্যের বিষয়েই খোঁজখবর নেবে। এসব পণ্যের মূল্য বেশি রাখা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তদারক দলগুলো।বৈঠকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, প্রকাশ্য স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখা, খুচরা পর্যায়ে রশিদ বা ক্যাশ মেমো সংরক্ষণ করা এবং প্যাকেট বা মোড়কজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বাধ্যতামূলক করা হয়েছে।সূত্র জানায়, তদারক কার্যক্রম শেষে দলগুলো প্রতিবেদন তৈরি করে পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়ে। তারপর বাণিজ্য মন্ত্রণালয় গণমাধ্যমের কাছে তা প্রকাশ করবে।