নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমই বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সারা বিশ্বেই তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সে তুলনায় বাংলাদেশে দাম কমই বেড়েছে। দেশের মানুষ একে সাদরেই গ্রহণ করছে বলে তিনি মন্তব্য করেন।রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার সকালে মাদক নিয়ন্ত্রণে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সভার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি বাইরে সাংবাদিকের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিএনপি গরিবের ভালো চায় না বলেই হরতাল ডাকে। তাঁর দাবি, গত দুই বছরে বিএনপি ইস্যুবিহীন হরতাল দিয়েছে। যুদ্ধাপরাধের বিচার, ১০ ট্রাক অস্ত্র আটক মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা এবং বিদেশে টাকা পাচারের মামলার বিচারকাজ নস্যাত্ করতেই তারা হরতাল করেছে। যুদ্ধাপরাধী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাঁচাতেই এ হরতাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল গণতান্ত্রিক কর্মসূচি। তবে হরতালের নামে অনাচার সহ্য করা হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাথা। তারা পুলিশের মাথা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পুলিশের ব্যাপক ক্ষতি করেছে।প্রধান অতিথির বক্তব্যে ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৪৬ লাখ মাদকসেবী রয়েছে। ২৫ হাজার কোটি টাকার মাদক দেশে আসছে। দেশের ৩০ শতাংশ অপরাধ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খন্দকার মোহাম্মদ আলী। আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার। ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।