নিদর্শনের খোঁজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা মন খুঁজে ফেরে রহস্য। কোনো একটা সূত্র ধরে রহস্য উন্মোচনে এগিয়ে যান গোয়েন্দারা। এমনি সূত্রের ধারাবাহিকতায় রহস্য উদ্ঘাটন করে লক্ষ্যে পৌঁছানোর একটি মজার খেলা হচ্ছে ‘ট্রেজার হান্ট’। নির্দিষ্ট জায়গায় দলগতভাবে ঘুরে ঘুরে সূত্র ধরে রহস্য-সমস্যার সমাধান করতে হয় এই খেলায় অংশগ্রহণকারীদের। সম্প্রতি ‘আমাদের মুক্তির সংগ্রাম ও ঢাকা’ বিষয়ের ওপর আয়োজন করা হয় প্রতিযোগিতামূলক এই খেলার। অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীরা খুঁজে বের করেন ঢাকায় ঘটে যাওয়া আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। ‘ট্রেজার হান্ট—দ্য ব্যাটেল গ্রাউন্ড’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগীদের ঢাকা গেট, লালবাগ কেল্লা, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শিখা চিরন্তনী, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের সময়কার কাকরাইল পেট্রল পাম্পের স্থান, রাজারবাগ পুলিশলাইন, কদমতলা পুলিশ ফাঁড়ি, মৌচাক, বায়তুল মোকারম, জাতীয় স্মৃতিসৌধ, জল্লাদখানা বধ্যভূমি, রায়েরবাজার বধ্যভূমি, আসাদগেট, ধানমন্ডি বালিকা বিদ্যালয়, শাঁখারী বাজারসহ নগরের অনেক জায়গায় ঘুরতে হয়। এসব জায়গার কোথাও রয়েছে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতি, আছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতি, আছে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতি আর আছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি। এসব জায়গায় নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বিভিন্ন সূত্র ধরে রহস্যের সমাধানে পৌঁছাতে হয়। রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় বিজয়ী হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল। এই দলের সদস্য জেরিন তাসনিম খান বলেন, ‘এই খেলার মাধ্যমে ঢাকার মুত্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। অনেক ঘুরতে হয়েছে। বাস আর লেগুনা ছাড়া অন্য কোনো বাহন নিষিদ্ধ ছিল বলে অনেক হাঁটতে হয়েছে। রীতিমতো আগে পৌঁছাতে আমরা দৌড়েছি। অনেক মজা করে ঢাকার বিভিন্ন ইতিহাস আমাদের জানা হয়ে গেছে।’ব্যতিক্রমী এই খেলার আয়োজন করে এস্কেপেড নামের একটি সংগঠন। এর একজন সদস্য রাহাত খান জানান, খেলাটির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দক্ষতা, অধ্যবসায়, কৌশল, পরিকল্পনা, যুক্তি, গণিত, দক্ষতা, বিভিন্ন পরিবেশে টিকে থাকা, সাংকেতিক তথ্য ব্যবহারের মতো মজার মজার অভিজ্ঞতা হয়েছে। এর আগে আরও চারবার এই আয়োজন অনুষ্ঠিত হলেও মুক্তিযুদ্ধের ওপর এটাই প্রথম আয়োজন। সুস্থ বিনোদন, ইতিবাচক জীবনবোধ তৈরি ও আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের এক সুযোগ সৃষ্টি করে এই খেলা। তাঁরা আবারও এ রকম খেলার আয়োজন করবেন বলে তিনি জানান।