নিধন হচ্ছে এক লাখ উট (ভিডিও)
মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া বুনো উট নিয়ে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। উত্তরাঞ্চলের মরু এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়ানো এসব উটের উত্পাতে সেখানকার মানুষ অতিষ্ঠ। উটগুলো স্থানীয় আদিবাসীদের অবকাঠামোগত ক্ষতি করা ছাড়াও বিভিন্ন জলাশয়ে গিয়ে পানি ঘোলা করছে। এই উপদ্রব থেকে রক্ষা পেতে প্রশাসন এক লাখ উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।অস্ট্রেলিয়ার উট নিধন প্রকল্প পরিচালক জেন ফার্গুসন জানান, উটের সংখ্যা খুব বেশি বেড়ে যাওয়ায় বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে। নষ্ট হচ্ছে আদিবাসীদের পানির উত্স। এ ছাড়া অন্যান্য গবাদিপশুর খাবারে ভাগ বসিয়ে আদিবাসীদের মনে ভীতির সঞ্চার করছে। বাগানে হানা দিয়ে শাকসবজি নষ্ট করছে। এই উপদ্রব থেকে রক্ষা পেতে এক লাখ উট মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উনিশ শতকে ভারতের রাজস্থান, সৌদি আরব, মঙ্গোলিয়া থেকে বাহন হিসেবে ব্যবহারের জন্য উট আমদানি করেছিল অস্ট্রেলিয়া। রেললাইন তৈরি ও টেলিগ্রাফ লাইন বসানোর সময় ভারী মালপত্র বহনের কাজে উট ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে ১৯৩০ সালের দিকে যোগাযোগব্যবস্থার উন্নতি হলে উটগুলো বুনো পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ২০০৪ সালনাগাদ হিসাব করে দেখা যায়, উটের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।প্রতিবছর এক লাখ উট সরিয়ে ফেলার একটি প্রকল্প নিয়েছে দেশটি। প্রকল্প পরিচালক জেন ফার্গুসন বলেন, পরিবেশের গুরুত্ব দিয়ে প্রতিবছর ৭৫ হাজার উট সরিয়ে ফেলা হচ্ছে, এতে উটের ঘনত্ব কম হবে।জেন ফার্গুসন বলেন, অস্ট্রেলিয়ার উট একদিনে ৭০ কিলোমিটার পর্যন্ত বিচরণ করতে পারে। চলার সময় সবকিছু তছনছ করে দিয়ে যায়। ২০০৯ সালের হিসাব অনুসারে, অস্ট্রেলিয়ার উটের কারণে ক্ষতি ও উট নিয়ন্ত্রণের জন্য বার্ষিক খরচ এক কোটি মার্কিন ডলারেরও বেশি।অস্ট্রেলিয়ায় গুলি করে উট মারার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের দাবি, গুলি করে উট মেরে মাংস নষ্ট করা হচ্ছে। ফার্গুসন জানান, অস্ট্রেলিয়া থেকে উট একেবারেই নির্মূল করা হবে না; বরং উটের সংখ্যা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে।