নিধিরাম সর্দার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে দুর্ঘটনা, ট্রাফিক আইন লঙ্ঘন, চোরাচালান, চোরাইপণ্য আটক, মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত সব ধরনের অপরাধের মামলা দায়ের ও তদন্তের ক্ষমতা দিয়ে হাইওয়ে পুলিশের খসড়া বিধিমালা করা হয়েছিল দুই বছর আগে। এতে বলা হয়েছিল মহাসড়ক ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সব সেতু, ফেরি, ফেরিঘাট, বাসস্ট্যান্ড, বাস ও ট্রাক টার্মিনাল, পেট্রলপাম্প, টোল প্লাজা ও যাত্রী বিরতির স্থান হাইওয়ে পুলিশের আওতায় থাকবে। কিন্তু সেই বিধিমালা আর চূড়ান্ত হয়নি। হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক সোহরাব হোসেন প্রথম আলোকে জানান, হাইওয়ে পুলিশ বিধি পাস না হওয়ায় শুধু পাহারা দিয়েই তাদের দায়িত্ব পালন করতে হয়। দেশে প্রায় চার হাজার কিলোমিটার জাতীয় সড়ক ও মহাসড়কের নিরাপত্তা দেখভালের দায়িত্ব হাইওয়ে পুলিশের। বর্তমানে হাইওয়ে পুলিশের রয়েছে ২৪টি থানা ও ৪৮টি ফাঁড়ি। আর জনবল দুই হাজার ৪২। পুলিশ বাহিনীর পৃথক পরিষেবা কাঠামো হিসেবে ‘হাইওয়ে পুলিশ বিধিমালা ২০০৮’ গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে সে প্রক্রিয়া থেমে যায়। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, হাইওয়ে পুলিশের জন্য দরকারি যানবাহন সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যানবাহন পেলে হাইওয়ে পুলিশ আরও সক্রিয়ভাবে সড়ক নিরাপদ করার কাজ করতে পারবে।