নিধিরাম সর্দারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাংলাদেশে মাদকের ঝুঁকি কেমন? বাংলাদেশ মূলত মাদক উৎপাদনকারী দেশ নয়। ভৌগোলিক অবস্থান আমাদের মাদকের প্রতি ঝুঁকিপূর্ণ করে তুলছে। ইউরোপ ও আমেরিকার দেশগুলোর মাদকাসক্তদের চাহিদা মেটানোর জন্য আন্তর্জাতিক মাদক চোরাকারবারিরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারতের কারখানাগুলো সীমান্তবর্তী এলাকায়। ফলে বর্তমানে এ দেশ মাদক সমস্যা থেকে মুক্ত নয়। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের পেছনেও রয়েছে মাদকের অবৈধ ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রম পরিচালনা করে চেষ্টা করে আসছে। দপ্তরটি তিনটি দৃষ্টিকোণ থেকে তার কাজ পরিচালনা করে। চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস।  বাংলাদেশে মাদকের রুট কয়টি? বাংলাদেশে মাদক চোরাচালান রুট হচ্ছে আটটি। আমাদের জানামতে, এসব রুটেই মাদক চোরাচালান হয়ে থাকে। রুটগুলো হচ্ছে: কুমিল্লা, আখাউড়া, সাতক্ষীরা, কালীগঞ্জ, বেনাপোল, কক্সবাজার, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ। এসব জায়গায় আমাদের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো যদি শক্ত অবস্থান নিতে পারে, তবে মাদকের চোরাচালান অনেকাংশে কমে আসবে বলে আমি বিশ্বাস করি।  আপনি বললেন, মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ জন্য আপনাদের পর্যাপ্ত জনবল আছে কি? আইন প্রয়োগ, অপারেশন ও গোয়েন্দা বিভাগ পরিচালনাসহ মোট জনবলের চাহিদা অনেক। তবে অনুমোদন আছে এক হাজার ২৭৭ জনের। বর্তমানে কর্মরত আছেন ৮৮২ জন আর শূন্যপদ রয়েছে ৩৯৫টি। হতাশার কথা, শূন্যপদগুলোর বেশির ভাগই আবার মাঠপর্যায়ের। তবে ইতিমধ্যে আমরা আবেদন করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জনবলের বিষয়টি খুব শিগগির সমাধান হয়ে যাবে। তখন মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম আরও বাড়বে বলে আমি আশা করি।  অধিদপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যায়। আপনার বক্তব্য জানতে চাই? বাংলাদেশকে মাদকমুক্ত করতে অধিদপ্তরের সঙ্গে আরও বেশ কিছু সংস্থা কাজ করে। বাংলাদেশ রাইফেলস, পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মাদক প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম শতকরা এক ভাগেরও কম। তাই অভিযোগ থাকলে সেটা শতকরা এক ভাগেরও কম হবে নিশ্চয়ই। আরেকটি ব্যাপার খেয়াল করতে হবে, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়। এ দেশে মাদক আসে। সীমান্ত অতিক্রম করে মাদক আসে কীভাবে? এ দায়টা কারা নেবে? সীমান্ত অতিক্রম করে মাদক যদি ঢুকতে না পারে, তবে ঝুঁকি অনেক কমে যাবে বলে আমি মনে করি। বাংলাদেশকে মাদকমুক্ত করতে হলে প্রথমে আমাদের সীমান্তে নজরদারি বাড়াতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। মাদক যদি আমার দেশে না আসতে পারে, তবে কীভাবে মাদক-সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যক্রম বাড়বে। তবে মাদক চোরাকারবারি দল শক্ত দল। তাদের ক্ষমতার দৌড়ও অনেক। আবার তারা আমাদের দেশের নিরীহ নারী ও শিশুকে এসব কাজে ব্যবহার করে। আপনারা যদি দেখেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য আটক হচ্ছে, কিন্তু আসামির সংখ্যা কম। এর কারণ, তাদের অনেকেই নারী ও শিশু। ফলে তাদের ছেড়ে দিতে হয়। আমাদেরও নানা সীমাবদ্ধতা রয়েছে।  মাঠপর্যায়ে কাজ করার জন্য কী পরিমাণ পরিদর্শক বা উপপরিদর্শক আছেন?  মাঠপর্যায়ে কাজ করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও সিপাহিরা কাজ করেন। দপ্তরটির জন্য ১৬৫ জনের পরিদর্শকের অনুমোদন আছে। বর্তমানে কাজ করছেন ১৩৮ জন, উপপরিদর্শক ১০২ জনের মধ্যে ৬৭ জন, সহকারী উপপরিদর্শকের পদ ৫৮টি, কর্মরত আছেন ৫১ জন। সিপাহির প্রায় ১১৪টি পদ শূন্য। মাঠপর্যায়ের এতগুলো পদ শূন্য থাকায় দপ্তরটির বিভিন্ন অপারেশন চালাতে বেগ পেতে হচ্ছে। অনেক সময় অপরাধীরা আমদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। অন্য যারা মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে কাজ করে, তাদের চেয়ে আমাদের কার্যক্রম নিশ্চয়ই সন্তোষজনক।  অপারেশন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কেমন থাকে?  শুরুতে আমি বলেছি, আমরা মাদকদ্রব্যের সরবরাহ কমাতে কাজ করি। মাদকদ্রব্য আটক করে নিই। হেরোইন, গাঁজা, বিদেশি মদ, বিয়ার, কোডিন (ফেনসিডিল), ইনজেকটিং ড্রাগ, ইয়াবাসহ সব ধরনের মাদক আটক করে নিই। আর বাংলাদেশ রাইফেলস, পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রয়োজনের সময় আমাদের সাড়া দেয়। বিশেষ করে পুলিশ আমাদের বেশি সহযোগিতা করে।  মামলা পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রায় ৫০ ভাগ অপরাধী খালাস পেয়ে যাচ্ছে কেন? তদন্তের ত্রুটির কারণে মামলা প্রমাণ দুরূহ হয়ে পড়ে। তদন্তে গাফিলতি কেন হয়? অপরাধীরা খালাস পেয়ে যায়, এর দায় খুব একটা আমাদের ওপর পড়বে না। আমরা যথাযথভাবে মামলা করি। আমাদের ২৫টি উপ-আঞ্চলিক কার্যালয়ে একটি করে প্রসিকিউশন সেল রয়েছে। ১২টি প্রসিকিউটর ও ৩৭টি সহকারী প্রসিকিউটরের পদ রয়েছে। তবে খালাস হয়ে যায় অন্য কারণে। আমরা যখন মামলা করি, তখন মামলা দায়েরকারী একজন সাক্ষী হয়। এর সঙ্গে আরও দু-একজন সাক্ষী আমরা সাধারণ মানুষকে বানাই। তারা ঠিকমতো সাক্ষ্য দিতে আসতে চায় না। গাড়ি ভাড়া করেও তাদের সাক্ষ্য দিতে আনা সম্ভব হয় না। আবার ছোট ধরনের অপরাধের ক্ষেত্রে আদালতও নমনীয় হয়ে খালাস করে দেন।  অধিদপ্তরকে শক্তিশালী করতে আপনার পরামর্শ কী? যদি দেশকে মাদকমুক্ত করতে হয়, তবে অধিদপ্তরকে কার্যকর করে গড়ে তুলতে হবে। শুধু একে দাঁড় করিয়ে রাখলে হবে না। প্রয়োজনীয় অবকাঠামোগত সহযোগিতা দিতে হবে। আমাদের কোনো যানবাহন নেই, অস্ত্র নেই, ভালো নেটওয়ার্ক-ব্যবস্থা নেই। কীভাবে কাজ করব। চোরাকারবারিরা দামি গাড়িতে করে এসে দ্রুত কাজ করে চলে যাচ্ছে। আর আমাদের যানবাহন ও অস্ত্র না থাকায় নিকটস্থ কোনো সহযোগী সংস্থার কাছে সাহায্য চাইতে হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ করে অ্যাকশনে যাওয়ার আগেই তারা চলে যাচ্ছে। এভাবে কত দূর কাজ সম্ভব? এ অধিদপ্তরকে নিধিরাম সর্দারের ভূমিকা রাখলে হবে না। এত কার্যকর ফল আসবেনা ।