নিপীড়ন ঠেকাতে পোশাক নিয়ন্ত্রণের দাবি বিধায়কের
ভারতের পথেঘাটে নারীদের ওপর যৌন নিপীড়ন ঠেকাতে বেসরকারি স্কুলের নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভারতের এক বিধায়ক। তাঁর মতে, স্কুলের পোশাক হিসেবে স্কার্ট পরায় মেয়েরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এনডিটিভি জানায়, আজ শনিবার ভারতের রাজস্থান রাজ্যের প্রধান সচিবকে লেখা এক চিঠিতে এ কথা বলেন বিধায়ক বানোয়ারি লাল সিঙ্গাল।ভারতের প্রধান বিরোধী দল বিজেপির আলোয়ার সিটি আসনের এ বিধায়ক মেয়েদের স্কার্ট পরা নিষিদ্ধ করার দাবি জানান। তিনি স্কুলগামী মেয়েদের স্কার্টের পরিবর্তে সালোয়ার-কামিজ বা শার্ট-প্যান্ট পরার সুপারিশ করেন। তাঁর মতে, এ ধরনের পোশাক উত্ত্যক্ত হওয়া কিংবা নিপীড়নের শিকার হওয়া থেকে রক্ষা করবে মেয়েদের।সিঙ্গাল বলেন, আলোয়ারের বিভিন্ন স্থানে স্কুলবাসের জন্য মেয়েরা অপেক্ষা করে। এ সময় দুষ্ট ছেলেরা তাদের উত্ত্যক্ত করে। তিনি আরও বলেন, শহরের অনেক স্কুলে মেয়েরা স্কার্ট পরে। তাদের ওপর বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড দমনে এ ধরনের পোশাক নিষিদ্ধ করা উচিত।’