নিপীড়ন যত বাড়ে আন্দোলন তত তীব্র হয় (ভিডিও)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিপীড়ন যত বাড়ে, আন্দোলন তত তীব্র হয়। সরকার এটা ভুলে গেছে। বড় বড় নেতারা গ্রেপ্তার হলে ছোট নেতারা তাঁদের জায়গা নেবে। নতুন নতুন নেতার জন্ম হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। হরতাল চলাকালে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনসহ তিনজনকে আটক করার নিন্দা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, নেতাদের গ্রেপ্তার করলে আন্দোলন ব্যর্থ হয় না। ব্যর্থ হবে না। তিনি বলেন, সরকার যদি মনে করে নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিলে ও তাঁদের গ্রেপ্তার করলে আন্দোলন দুর্বল হয়ে পড়বে, তাহলে সেটা তাদের ভুল ধারণা। বিএনপির নেতা খায়রুল কবীর খোকনকে আটক করার নিন্দা জানিয়ে নজরুল ইসলাম বলেন, তিনি কী করেছেন? তিনি গাড়িও পোড়াননি, ভাঙচুরও করেননি। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিচ্ছিলেন। এর পরও তাঁকে গ্রেপ্তার করা হলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, সরকার কী করছে। টাঙ্গাইলে বিএনপির এক নেতা গ্রেপ্তারের পরে স্ট্রোক করেছে বলে দাবি করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বেশির ভাগ নেতা কারাবন্দী ছিলেন। এর পরেও তাঁরা নির্বাচনে জয়ী হয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে অতীত ইতিহাস কীভাবে ভুলে গেছে, এ প্রশ্ন তোলেন তিনি।