নিবন্ধন ছাড়া কেউ বিদেশে যেতে পারবেন না
নাম নিবন্ধন ছাড়া এখন থেকে কেউ আর বিদেশে যেতে পারবেন না। এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন।আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়ার ক্ষেত্রে ৩০-৩৫ বছর যে অব্যবস্থাপনা রয়েছে, আমরা সেই অপব্যবস্থানা দূর করার চেষ্টা করছি। সে কারণে সরকারিভাবে নাম নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা তৈরির জন্য জেলা প্রশাসকদের কাজ করতে হবে।’মোশাররফ হোসেন আরও বলেন, অনেক জেলার লোক একেবারেই বিদেশে যায় না। সেসব জেলার লোক যেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ পায়, এ ব্যাপারে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। অতিরিক্ত টাকা দিয়ে কেউ যেন বিদেশ না যায়, এ জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে।প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, এখন অনেক নারী বিদেশে যাচ্ছে। এ ব্যাপারে নারীকর্মীদের সচেতনতা তৈরির জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে। মোশাররফ হোসেন বলেন, আগে কেবল বড় বড় শহরে শিল্পপ্রতিষ্ঠান হতো। দেশের সব জেল-উপজেলায় যেন শিল্প কারখানা হয়, সে ব্যাপারে আমার কথা বলেছি। ২০০৬ সালের শ্রম আইন অনুয়ায়ী কেউ চাইলে হুট করে যখন-তখন ধর্মঘট ডাকতে পারে না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে বলা হয়েছে।