নিবন্ধন ছাড়াই অবাধে সিম কার্ড বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুমি (১৭)। নীলক্ষেতের একটি দোকান থেকে নিবন্ধন ছাড়া এবং কোনো রকমের প্রশ্নের মুখোমুখি না হয়েই কিনেছে সিম কার্ড। রুমির বক্তব্য, ‘দোকানে গেলাম, সিম চাইলাম, টাকা দিলাম।’ বিক্রেতা তার বয়স জিজ্ঞেস করেননি, এমনকি নিবন্ধন ফরম পূরণ করতেও বলেননি।কোনো রকম নিবন্ধন ছাড়াই এভাবে দেশজুড়ে বিক্রি হচ্ছে মোবাইল ফোনের সিম কার্ড। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকেরা নিজে থেকে নিবন্ধন ফরম চাইলে বিক্রেতা বলেন, ‘ফরম নাই। সই করা লাগবে না।’অন্যদিকে মোবাইল ফোন অপারেটরদের বক্তব্য, প্রতিটি সংযোগের সঙ্গে নিবন্ধনপত্র ডিলারদের দিয়ে দেওয়া হয়। ডিলাররাও জানান, খুচরা বিক্রেতাদের ‘নিবন্ধনপত্র পূরণ করানো বাধ্যতামূলক’—এই শর্তে বিক্রির জন্য সংযোগ (সিম কার্ড) দেওয়া হয়। কিন্তু পাড়ামহল্লার খুচরা দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, নিবন্ধন ফরমই নেই। বরং নিবন্ধনপত্র দিয়ে বানানো ঠোঙা পাওয়া যায় বিভিন্ন মুদি দোকানে।সরকারি নির্দেশ থাকলেও ‘বাধ্যতামূলক নিবন্ধন’ মানছে না অনেকেই। এ ছাড়া ‘সিম বিক্রিকারী পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে’—এই শর্তও কোথাও মানা হচ্ছে না।প্রসঙ্গত, গত জুলাই মাসে মুঠোফোনে চাঁদাবাজি প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশ অনুযায়ী, ১৮ বছরের নিচে কেউ সিম কার্ড কিনতে পারবে না, গ্রাহকদের বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে এবং অবশ্যই সংযোগ পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সবাইকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে।গুলশান, বনানী, মোহাম্মদপুর, লালমাটিয়া, আজিমপুর, নীলক্ষেত, মালিবাগ, মগবাজার, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, খুচরা বিক্রেতাদের কাছে রয়েছে বিভিন্ন কোম্পানির শত শত সিম কার্ড। গুলিস্তানের রাস্তায় বিক্রি করা হচ্ছে মুঠোফোনের সিম কার্ড। চাইলে যে কেউ কিনতে পারে। একসঙ্গে ৫০-৬০টি সিম কার্ড বিক্রি করতে এসব বিক্রেতার কারও আপত্তি নেই। কিন্তু একটিও নিবন্ধন ফরম কেউ দিতে পারেননি। এক প্রশ্নের উত্তরে নীলক্ষেতের অনিক টেলিকমের বিক্রেতা বলেন, ‘আপনার সিম লাগবে, তাই নেন। ফরম দিয়া কী করবেন? ওইটা আমরা দেখব।’ নিবন্ধন ফরমে গ্রাহকের সই ছাড়া সংযোগ বিক্রি আইনত দণ্ডনীয়, ধরা পড়লে সিমের কী হবে—এমন প্রশ্নের উত্তরে বিক্রেতার ঝটপট জবাব, ‘ফেলে দিয়ে আরেকটা কিনবেন।’ গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের এক সিম কার্ড বিক্রেতা মো. কাশেমের উত্তর আরও চমকপ্রদ, ‘সরকার নিবন্ধন ফরম বানাইছে ভালো লোকদের কপালে ঝামেলা পাকানোর জন্য।’ ওই বিক্রেতার পরামর্শ, ‘যত ইচ্ছা সিম কিনেন, ফালায়া দেন। কিন্তু ফরমে সই করবেন না, ঝামেলা শেষ।’ লালমাটিয়া কলেজ গলির এক বিক্রেতা জানালেন, অনেক সময় ডিলারদের কাছেও নিবন্ধন ফরম থাকে না। কখনো কখনো ফরম দিলেও তাঁদের সিমের পরিমাণের চেয়ে কম।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত দেশে মুঠোফোনের গ্রাহকের সংখ্যা ছিল পাঁচ কোটি ৯৯ লাখ আট হাজার। এর এক মাস পর গত ৩১ জুলাইয়ে ওই সংখ্যা বেড়ে ছয় কোটি ১৮ লাখ ৪৫ হাজারে পৌঁছেছে। অর্থাৎ এক মাসে গ্রাহক বেড়েছে ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে আট লাখ ১৬ হাজার। বাংলালিংকের বেড়েছে সাত লাখ আর রবি ও ওয়ারিদের বেড়েছে তিন লাখ ৫৯ হাজার। সিটিসেল ও সরকারি মালিকানাধীন টেলিটকের গ্রাহক বৃদ্ধিতে তেমন অগ্রগতি নেই।নিবন্ধন ছাড়াই সংযোগ বিক্রি প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সভাপতি জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ এলে আমরা সংযোগ বন্ধ করে দিই। বিটিআরসির কাছে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন অভিযোগে বন্ধ করে দেওয়া সিমের তালিকা পাঠাই। কিন্তু মাঠপর্যায়ে কে কীভাবে সিম বিক্রি করছে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিটিআরসি দেখবে।’বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘এ ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বাড়াতে হবে। গ্রাহকেরা যদি নিবন্ধন ফরম ছাড়া সিম না কেনেন, তাহলে ওই বিক্রেতা পরবর্তী সময়ে নিবন্ধন ফরম সংগ্রহে রাখবেন।’ তিনি জানান, কমিশনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হয়, তাতে কিছুদিন এই অনিয়ম বন্ধ থাকে, পরে আবার চালু হয়।উল্লেখ্য, দেশের মুঠোফোন গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনতে বিটিআরসি ২০০৬ সালে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার কয়েক দফা সময় বাড়িয়ে তা বাধ্যতামূলক করে। সে সময় বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় ১২ লাখ অনিবন্ধিত সংযোগ।সে সময় বলা হয়েছিল, পুনর্নিবন্ধন করতে হবে বিটিআরসির গ্রাহক নিবন্ধন ফরম ২০০৬ অনুয়ায়ী। আর অবশ্যই ১৮ বছরের নিচে কাউকে গ্রাহক হিসেবে নিবন্ধন করা যাবে না। নির্দেশ অমান্য বা নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ না করে সিম বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানিকে সিমপ্রতি ১০ মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে।গ্রাহক নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সে সময় বিটিআরসির সিদ্ধান্তপত্রে বলা হয়, মুঠোফোনের গ্রাহকেরা তাদের নাম-ঠিকানা যথাযথভাবে নিবন্ধন না করলে কোম্পানি বা গ্রাহক নয়, অসুবিধায় পড়ে সরকার। হঠাৎ ঘটে যাওয়া কোনো অপরাধের তদন্তকাজে বিঘ্ন ঘটে। আর মোবাইল ফোনের মাধ্যমে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অপরাধের তদন্ত করতে বা কোনো সন্ত্রাসীকে খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন।