নিবন্ধন টিকিয়ে রাখতে আদর্শিক অবস্থান ত্যাগ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নিবন্ধন টিকিয়ে রাখতে আদর্শিক অবস্থান থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। ২০০৮ সালে দলের গঠনতন্ত্র থেকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের কথা বাদ দিয়েছিল দলটি। এবার সমাজের সর্বস্তরে ‘খোদাভীরু’ নেতৃত্ব কায়েমের চেষ্টা বাদ দিয়ে ‘চরিত্রবান’ নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেছে তারা।গত রোববার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের সর্বশেষ সংশোধিত ও মুদ্রিত গঠনতন্ত্রে জামায়াতে ইসলামীর আদর্শগত এ পরিবর্তন স্থান পেয়েছে। একই সঙ্গে নতুন গঠনতন্ত্রে ‘ইসলামী শাসন’ কায়েমের কথা বাদ দিয়ে ‘গণতান্ত্রিক’ পদ্ধতির ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছে দলটি।দুই বছর আগে জামায়াত তাদের গঠনতন্ত্রের প্রচ্ছদ থেকে ‘আল্লাহ্’ ও ‘আক্বিমুদ্দীন’, অর্থাৎ ‘তোমরা দ্বীন (ইসলাম) প্রতিষ্ঠা করো’—এই লেখাসংবলিত লোগোটিও তুলে দিয়েছিল। সে সময় দীর্ঘদিনের আদর্শিক অবস্থান পরিবর্তন করে তিন শর্তে অমুসলিমদের দলে নেওয়ার নীতি নিয়েছিল জামায়াত। এবার সেই শর্তগুলোও তুলে দিয়েছে দলটি।নির্বাচন কমিশন জামায়াতের গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা, ৩ ধারা, ৫ ধারার ৩ উপধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১ থেকে ৪ উপধারা, ১১ ধারার ২ উপধারা ও ১৮ ধারার ৪(চ) উপধারা সংশোধনের তাগিদ দিয়ে তিন দফা নোটিশ দেয় দলটিকে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নিবন্ধনবিধি অনুযায়ী, ধর্মীয় উদ্দেশ্যপূর্ণ এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পরিপন্থী আটটি ধারা পরিবর্তন বা বিলুপ্ত করে সংশোধিত গঠনতন্ত্র গত রোববার কমিশনে জমা দেয় জামায়াত।২০০৮ সালে সংশোধিত গঠনতন্ত্র থেকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের বিষয়টি বাদ দিয়েছিল জামায়াত। তখন দলটির গঠনতন্ত্রের ৫ ধারার ৩ উপধারায় উল্লেখ ছিল, ‘সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ্র আইন ও সৎ লোকের শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান’।২০১০ সালের এ ধারা সংশোধন করে বলা হয়, ‘সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটাইবার আহ্বান জানাইবে।’ গত রোববার নির্বাচন কমিশনে জমা দেওয়া গঠনতন্ত্রে এ অংশ থেকে ‘ইসলামের’ শব্দটি বাদ দিয়ে তার পরিবর্তে ‘গণতান্ত্রিক পদ্ধতি’ কথাটি সংযোজন করা হয়। দলটির গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারার একাংশে বলা ছিল, ‘...(আল্লাহ ব্যতীত) কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে।’ সংশোধিত গঠনতন্ত্রে এ অংশটি বাদ দিয়েছে জামায়াত। দলের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে থাকা একটি অনুচ্ছেদ গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া হয় ২০১০ সালে। তখন গঠনতন্ত্রের ধারা ৩-এর ব্যাখ্যায় বলা ছিল, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর দৃষ্টিতে দ্বীন ও ইসলামী জীবন বিধান একই অর্থবোধক পরিভাষা। তাই ইসলামী জীবন বিধান কায়েম করাই কুরআন মজীদে ব্যবহূত “ইকামাতে দ্বীন” পরিভাষাটির সঠিক অর্থ।’ এটি সংশোধন করে দলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ভূমিকাসহ চারটি উপধারায় আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) প্রদর্শিত দ্বীন (ইসলামি জীবনবিধান) কায়েমের প্রচেষ্টার কথা বলা ছিল। এবার এ কথাগুলো বাদ দিয়ে ‘বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন’ বাক্যটি সংযোজন করা হয়েছে। গঠনতন্ত্রের ধারা-৬(২) থেকে ‘জাহিলিয়াতের যাবতীয় চ্যালেঞ্জের মুকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ’ বাক্যাংশটি বাদ দেওয়া হয়েছিল ২০১০ সালে। এরপর ৬ ধারার ৪ উপধারায় ‘ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সৎ ও খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করা’ কথাটি যুক্ত করা হয়। এবারের সংশোধিত গঠনতন্ত্রে এই বাক্য থেকে ‘খোদাভীরু’ বাদ দিয়ে ‘চরিত্রবান’ শব্দটি যোগ করা হয়েছে। গঠনতন্ত্রের ৭ ধারার ১ থেকে ৪ উপধারায় জামায়াতের সদস্য হওয়ার জন্য ইসলামে বিশ্বাস ও শরিয়তের নির্ধারিত ফরজ ও ওয়াজিব আদায়ের শর্ত দেওয়া ছিল। এ উপধারাগুলো এবার বিলুপ্ত করা হয়েছে।গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৯০-এর সি-ধারায় বলা হয়েছে, একটি রাজনৈতিক দল নিবন্ধনের অযোগ্য হবে, যদি ওই দলের (ক) গঠনতন্ত্রের উদ্দেশ্যসমূহ দেশের সংবিধান পরিপন্থী হয়, (খ) গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গভেদে কোনো বৈষম্য প্রতীয়মান হয়, (গ) নাম, পতাকা, চিহ্ন বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা সামপ্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়ার কিংবা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ২০১০ সালে কমিশনে জমা দেওয়া জামায়াতের গঠনতন্ত্রের ১১ ধারার ২ উপধারায় যেকোনো অমুসলিম নাগরিক কয়েকটি শর্ত পূরণের মাধ্যমে জামায়াতের সদস্য হতে পারবে বলা ছিল। ধারা ১১-এর ১ উপধারায় বলা ছিল, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ও অর্থনৈতিক কর্মসূচীর সহিত একমত পোষণ করিলে যে কোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য হইতে পারিবেন।’ তবে এ জন্য তিনটি শর্ত রাখে দলটি। এগুলো হলো: দলের নিয়মশৃঙ্খলা বা সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে মেনে চলা, দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য একনিষ্ঠ ভূমিকা পালন। এ শর্তগুলোও বিলুপ্ত করা হয়েছে সর্বশেষ সংশোধনীতে।২০১০ সালের আগ পর্যন্ত জামায়াতের কোনো কমিটিতেই নারী সদস্য ছিলেন না। ওই সময় দল নিবন্ধনের জন্য সব কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করারও অঙ্গীকার করে দলটি। এবার তা গঠনতন্ত্রের ৬৯ ধারায় সন্নিবেশ করা হয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে শর্ত আরোপের পর অন্তত ১৩টি ধারায় সংশোধন, কয়েকটি ধারা ও অনুচ্ছেদ সংযোজন ও বিয়োজন করে জামায়াত। তখন দলের নামের পেছনে থাকা ‘বাংলাদেশ’ নামটি সামনে আনাসহ মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা গঠনতন্ত্রে উল্লেখ করতে হয় দলটিকে। ১৯৭৯ সালে গঠনতন্ত্র অনুমোদিত হওয়ার পর প্রায় ২৮ বছর দলের এই দলিলে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামের কোনো উল্লেখ ছিল না।