নিবন্ধনের জন্য ২৭ দলের আবেদন
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের আবেদন জানিয়ে ২৭টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। আজ সোমবার আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আবেদনকারী দলগুলো হলো: বাংলাদেশ মুসলিম লীগ, গণ অধিকার পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, নিউ সংসদ লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, গণসেবা আন্দোলন, বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন, গণশক্তি দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ প্রবাসী দল, জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, পাবলিক পার্টি, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলাম পার্টি, মাতৃভূমি দল বাংলাদেশ, জন গণতান্ত্রিক দল, বাংলাদেশ গণ অধিকার দল ও বাংলাদেশ বাম ফ্রন্ট। নির্বাচন কমিশন গত ২৩ অক্টোবর অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। কমিশন আবেদনকারী দলগুলোর সার্বিক তথ্য যাচাই-বাছাই করে যোগ্য দলগুলো নিবন্ধন করবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, আবেদনকারী দলগুলোর নিবন্ধন পেতে হলে অতীতের যেকোনো একটি নির্বাচনে অংশ নিয়ে অন্তত একটি আসন পেতে হবে; অথবা যেকোনো নির্বাচনের একটিতে পাঁচ শতাংশ ভোট পেতে হবে; অথবা দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলা (২১টি) ও ১০০টি উপজেলা/থানায় দলীয় কার্যালয়সহ কমিটি থাকতে হবে।