নিবন্ধিত অনেক রাজনৈতিক দলই নামসর্বস্ব
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে বেশির ভাগই ‘নামসর্বস্ব’ দলে পরিণত হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকাসহ বেশির ভাগ জেলায়ই এসব দলের অফিস নেই। নির্বাচন কমিশনও গত চার বছরে নিবন্ধিত এসব দলের অস্তিত্বের খোঁজ নেয়নি।নির্বাচন কমিশনে দলগুলোর জমা দেওয়া ঠিকানা অনুযায়ী ঢাকা ও ঢাকার বাইরে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন শর্ত পূরণের জন্য দলগুলো বিভিন্ন জেলা-উপজেলায় তড়িগড়ি করে অফিস ও কাগুজে কমিটি গঠন করে। নামসর্বস্ব দলগুলো নির্বাচনের পর ওই সব অফিস গুটিয়ে ফেলে। আবার ছোট ছোট অনেক দল নিবন্ধিত হওয়ার জন্য অফিসের ভুয়া ঠিকানা দিয়েও নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ আছে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নিবন্ধিত হতে হলে প্রথমত, স্বাধীনতার পর থেকে যেকোনো নির্বাচনে ন্যূনতম একটি আসন পাওয়া; দ্বিতীয়ত, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত যেকোনো নির্বাচনের একটিতে সংশ্লিষ্ট আসনের প্রদত্ত মোট ভোটের পাঁচ শতাংশ ভোট পাওয়া; তৃতীয়ত, ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা (২১ জেলা) ও ১০০ উপজেলায় অফিস থাকতে হবে। নিবন্ধিত ৩৯ দল: নির্বাচন কমিশন ২০০৮ সালের অক্টোবরে ১০৭টি দলের আবেদন যাচাই-বাছাই করে ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধিত করে। এর মধ্যে অতীতে আসন পাওয়ার সুবাদে নিবন্ধনের সুযোগ পায় ১৯টি দল। এগুলো হলো: আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট ও ফ্রিডম পার্টি। এর মধ্যে নিয়মিত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়। অতীতের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়ার সুবাদে নিবন্ধিত হয় বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে আসন পাওয়া বা পাঁচ শতাংশ ভোট পাওয়ার সুবাদে প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্ত হওয়া কয়েকটি রাজনৈতিক দলেরও জেলা-উপজেলা পর্যায়ে দলীয় অফিস বা কমিটি নেই। ন্যূনতম ১০ জেলা ও ৫০ উপজেলায় কমিটিসহ দলের অফিস দেখিয়ে নিবন্ধিত দলের সংখ্যা ১৭টি। এগুলো হলো: এলডিপি, গণফোরাম, জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর মধ্যে নবম সংসদ নির্বাচনে একটি আসন পাওয়ায় এলডিপি বর্তমানে প্রথম শ্রেণীভুক্ত দলের তালিকায় আছে। কাগজে অফিস আছে, বাস্তবে নেই: মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নিবন্ধিত তৃতীয় শ্রেণীভুক্ত দলের বর্তমানে মাঠপর্যায়ে কোনো অফিস বা কমিটি নেই। ২০০৮ সালে নিবন্ধনের শর্ত পূরণের জন্য এসব দল বিভিন্ন জায়গায় গ্রামের বসতবাড়ি, শহরের বাড়ি, এনজিওর অফিস, সমবায় সমিতির অফিস, বৈদ্যুতিক সামগ্রীর দোকান, ওষুধের দোকান ইত্যাদিকে দলীয় অফিস হিসেবে দেখিয়েছিল।এ বিষয়ে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি কাজী ফারুক কোনো মন্তব্য করতে রাজি হননি। জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন তিন সপ্তাহের সময় দিয়ে ১০ জেলা আর ৫০ উপজেলায় কমিটি আর অফিস দেখাতে বলে আমাদের সঙ্গে তামাশা করেছে। আমরাও তামাশা করছি। ওরা আমাদের ফাঁকিতে ফেলেছিল। আমরা এখন ফাঁকি দিচ্ছি। এটা ঠিক যে নির্বাচনের পর অনেক অফিস গুটিয়ে ফেলা হয়েছে। তার অর্থ এই নয় যে দলের তৎপরতা নেই।’নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ১২/১ সেগুনবাগিচায় কল্যাণ পার্টির জেলা অফিস থাকার কথা। বাড়িটির নিচতলায় অবস্থিত জুলহাস স্টোরের মালিক হুমায়ুন কবির জানান, তিনি তিন বছর ধরে ব্যবসা করছেন। তিনি এখানে কল্যাণ পার্টির কোনো অফিস দেখেননি। মিরপুর ৭ নম্বর সেকশনের প্রধান সড়কের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানকে (৪২১ নম্বর) মিরপুর ও পল্লবী থানার অফিস হিসেবে দেখিয়েছিল জাগপা। দোকানের মালিক প্রথম আলোকে বলেন, এই ঠিকানায় কখনোই কোনো দলের অফিস ছিল না। তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি গত নির্বাচনের আগে লালবাগে সুফিবাদীদের নিয়ে একটি আখড়া তৈরি করেছিলেন। সেই আখড়াকে লালবাগ থানার অফিস হিসেবে দেখিয়েছিলেন। একইভাবে পিডিপির পুরোনো ঢাকার রহমতগঞ্জের অফিস, এনপিপির হাজারীবাগ ও মিরপুরের, ইসলামী ফ্রন্টের ধানমন্ডির ৪/এ সড়কে ও বাংলাদেশ জাতীয় পার্টির লালবাগের অফিসের হদিস পাওয়া যায়নি।প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা জানান, নোয়াখালী জেলা সদরের হাসপাতাল রোডের দিলদার সমবায় সমিতি ও বেগমগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের ফরায়েজি বাড়িকে যথাক্রমে জেলা ও উপজেলা অফিস দেখিয়েছে জাগপা। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং এনপিপি নোয়াখালীর চৌমুহনী, কোম্পানীগঞ্জ ও হাতিয়ায় দলের অফিস হিসেবে যেসব ঠিকানা দিয়েছিল, সেখানেও কোনো অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের নথিতে থাকলেও বাস্তবে গাজীপুর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কল্যাণ পার্টি ও এনপিপির কোনো অফিস নেই। তবে কোনাবাড়ী ইউনিয়নের হরিণচালায় বারেক ভান্ডারির বাড়িতে তরিকত ফেডারেশনের সাইবোর্ড পাওয়া গেছে। একইভাবে কুষ্টিয়ায় এনপিপি, জাগপা ও পিডিপির সাংগঠনিক অস্তিত্ব নেই। নির্বাচনের আগে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন প্রশিকার স্থানীয় কার্যালয়ে সাইবোর্ড ঝুলিয়েছিল। নির্বাচনের পর সেসব বোর্ড খুলে ফেলা হয়েছে। পিরোজপুর জেলা সদর, মঠবাড়িয়া, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় অফিস ও কমিটি আছে বলে উল্লেখ করেছিল কল্যাণ পার্টি ও এনপিপি। কিন্তু সেখানে কোনো অফিস পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলোর অফিস আছে কি না, কিংবা নতুন বিধান অনুযায়ী তারা কমিটি এবং অফিসের সংখ্যা বাড়িয়েছে কি না, কিংবা কোনো দল ভুয়া ঠিকানা দিয়েছে কি না, তা যাচাই করার মতো জনবল নির্বাচন কমিশনের নেই। তিনি জানান, এ বছর নিবন্ধনের জন্য আবেদনকারী নতুন দলগুলোর অফিস ও কমিটি যাচাইয়ের সময় পূর্বে নিবন্ধিত দলগুলোর অস্তিত্বও যাচাই করে দেখা হবে।