জাতিসংঘ দূতকে মন্ত্রী
নিবন্ধিত ২৫ হাজারের বাইরে অবৈধভাবে রয়েছে সাড়ে তিন লাখ রোহিঙ্গা
নিবন্ধিত মাত্র ২৫ হাজারের বাইরে আরও তিন থেকে সাড়ে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। মিয়ানমার থেকে অবৈধভাবে আসা এ রোহিঙ্গাদের অনেকে জঙ্গিবাদ ও বিভিন্ন সন্ত্রাসী কাজে লিপ্ত। এদের নিবন্ধন করার বিষয়টি বাংলাদেশের জন্য উভয় সংকটের ব্যাপার।গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী পুনর্বাসনবিষয়ক হাইকমিশনের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যানডার্সের সঙ্গে দেখা করার পর খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিনিধি অবৈধভাবে আসা রোহিঙ্গাদের নিবন্ধন করে নেওয়ার প্রস্তাব করেছেন। বাংলাদেশে বর্তমানে দুটি ক্যাম্পে ২৫ হাজার রোহিঙ্গা নিবন্ধিত রয়েছে। এর বাইরে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে আরও সাড়ে তিন লাখ রোহিঙ্গা।এখনো কমবেশি রোহিঙ্গা আসছে মন্তব্য করে মন্ত্রী বলেন, নতুন নিবন্ধন করার প্রক্রিয়া শুরু হলে আসার প্রবণতা আরও বাড়বে। আবার নিবন্ধন না করলে ফেরত পাঠানোর সময় অসুবিধা হতে পারে। এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, আর্থসামাজিক ও আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সবাইকে নিবন্ধন দেওয়া সম্ভব নয়।খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে রোহিঙ্গাদের অনেকেই ভোটার হয়েছেন। তাঁরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার পর অপরাধ করায় এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে সরকারের কাছে খবর রয়েছে।খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের ওপর কোনো ধরনের নির্যাতন চালাচ্ছে না। মন্ত্রী জানান, এ বিষয়ে কিছু বিদেশি পত্রিকায় প্রকাশিত খবর সঠিক নয় বলে তিনি জাতিসংঘের দূতকে বলেছেন।